×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

লকডাউনের প্রভাব নেই শেয়ারবাজারে, ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু

২০২৬ নভেম্বর ২৯ ১৪:৫১:১৯
লকডাউনের প্রভাব নেই শেয়ারবাজারে, ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের আহ্বানে দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালিত হলেও দেশের শেয়ারবাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বরং স্বাভাবিক পরিবেশেই সম্পন্ন হয়েছে শেয়ার লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনভর সূচকের স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও শেষ পর্যন্ত ইতিবাচক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বাজার। ফলে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়েই নতুন সপ্তাহের যাত্রা শুরু করেছে শেয়ারবাজার।

বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে সূচক ও লেনদেনের উত্থান-পতন খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে শেয়ারবাজার অত্যন্ত সংবেদনশীল খাত হওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার আগে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জেনে, বুঝে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে নিজের বিনিয়োগকৃত পুঁজির নিরাপত্তা নিশ্চিত করেই বাজারে অংশ নেওয়া প্রয়োজন।

তাঁদের মতে, বাজারের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করা জরুরি। পাশাপাশি বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনিয়ম নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হলে তা দূর করতে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এদিকে, আজ (২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬০.৩৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫.৩১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯.৪৮ পয়েন্টে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করে। এর মধ্যে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৭০৭ কোটি ৫ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১৮০ কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনটিতে ২৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৪৭ লাখ টাকা।

সিএসইতে এদিন মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১.৪০ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩৮.৮৫ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে