×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি

২০২৬ নভেম্বর ২৮ ১৪:৫৯:২৭
সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন নিরীক্ষক। এর মধ্যে রয়েছে সহযোগী প্রতিষ্ঠানের কাছে পাওনা অর্থ অবলোপন, শুল্ক-সংক্রান্ত মামলার আপিল, কর্মীদের অবসর সুবিধার দায় নিরূপণে অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন না করা এবং কোম্পানির নামের শেষে পাবলিক লিমিটেড কোম্পানি বা পিএলসি যুক্ত না করা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষকের পর্যবেক্ষণে এসব বিষয় উঠে এসেছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিরীক্ষক ‘এমফ্যাসিস অব ম্যাটার’ বা বিশেষ গুরুত্বারোপমূলক অনুচ্ছেদ যুক্ত করেছেন। নিরীক্ষক ছিলেন এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার ও এফসিএ মো. মোক্তার হোসেন।

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট পিটিই লিমিটেড (এসএপিপিএল) কার্যক্রম বন্ধ করে দেওয়ায় ২০২৬ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠানটিকে নিবন্ধন থেকে বাদ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হওয়ার সময় সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পাওনা ছিল ৭০ লাখ ৯৪ হাজার ৪১৫ টাকা। পরবর্তী সময়ে এই পাওনা অর্থ অবলোপন করা হয়েছে।

এ ছাড়া কোম্পানির শুল্ক, আবগারি ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার বিষয়টিও নিরীক্ষকের নজরে এসেছে। কোম্পানি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের পাশাপাশি স্থগিতাদেশ পেয়েছে। তবে নিরীক্ষক উল্লেখ করেছেন, আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৩৭ অনুযায়ী, এ ধরনের আপিলের ফলাফল এবং সংশ্লিষ্ট দায় সৃষ্টির সম্ভাবনা ব্যবস্থাপনাকে নিয়মিত মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী আর্থিক বিবরণীতে এর প্রভাব স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কর্মীদের অবসরকালীন সুবিধা বা গ্র্যাচুইটির দায় নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। আর্থিক বিবরণীর ৩৯ নম্বর নোটে কোম্পানিটি ১৮ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৮৩ টাকা গ্র্যাচুইটি বাবদ সংস্থান রেখেছে। কিন্তু আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৯ অনুযায়ী, কর্মীদের বয়স, বেতন বৃদ্ধির সম্ভাবনা এবং ডিসকাউন্ট রেটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নের মাধ্যমে এ দায় নির্ধারণ করার কথা। কোম্পানিটি এ ধরনের মূল্যায়ন করেনি। ফলে গ্র্যাচুইটির জন্য রাখা সংস্থান প্রকৃত দায়ের বর্তমান মূল্যকে সঠিকভাবে প্রতিফলিত নাও করতে পারে। এতে আর্থিক বিবরণীতে দায় এবং কর্মী সুবিধা ব্যয়ের পরিমাণে ভুল হিসাবের ঝুঁকি রয়েছে।

অন্যদিকে, কোম্পানির নামের শেষে ‘লিমিটেড’ পরিবর্তন করে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ অথবা ‘পিএলসি’ যুক্ত করা হয়নি। কোম্পানি আইন, ১৯৯৪-এর ২০২০ সালের দ্বিতীয় সংশোধনীর ১১(ক) ধারা অনুযায়ী, প্রত্যেক পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধিত নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ অথবা সংক্ষেপে ‘পিএলসি’ যুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সামিট অ্যালায়েন্স পোর্ট এখনো নাম সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করেনি বলে নিরীক্ষক জানিয়েছেন।

সব মিলিয়ে সহযোগী প্রতিষ্ঠানের কাছে পাওনা অর্থ অবলোপন, শুল্ক-সংক্রান্ত আপিলের সম্ভাব্য আর্থিক প্রভাব, গ্র্যাচুইটি দায় নির্ধারণে প্রয়োজনীয় মূল্যায়নের অভাব এবং কোম্পানির নাম সংশোধন না করার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন নিরীক্ষক।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে