×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি

২০২৬ নভেম্বর ২৮ ১৫:১১:৪২
এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে (এনএভিপিএস) ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিশেষ করে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দ্বিগুণের বেশি হয়েছে।

কোম্পানিটির প্রকাশিত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ২৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৩৪ পয়সা বা প্রায় ১০৫ দশমিক ৫ শতাংশ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় নিট বিক্রয় আয় বৃদ্ধি এবং কর-পরবর্তী মুনাফা বাড়ার কারণে শেয়ারপ্রতি আয়ে এ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৫৮ টাকা ৬ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ৪ টাকা ২৯ পয়সা।

এ বিষয়ে কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে নগদ অর্থের প্রবাহ বেড়েছে। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কর পরিশোধের জন্য নগদ অর্থ ব্যয়ের তুলনায় বিক্রি থেকে নগদ অর্থের প্রবৃদ্ধি বেশি হওয়ায় পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের ৩০ জুন শেষে এ পরিমাণ ছিল ৩৫৫ টাকা ২৫ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২ টাকা ৬১ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বৃদ্ধির পেছনে কয়েকটি সম্পদ ও দায়ের পরিবর্তনের সম্মিলিত প্রভাব রয়েছে। এ সময়ে কোম্পানির অনাবর্তক সম্পদ কমেছে ১৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা এবং চলতি সম্পদ কমেছে ৪৪ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা। একই সময়ে অনাবর্তক দায় কমেছে ৩৪ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা এবং চলতি দায় ও সংস্থান কমেছে ৩২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, এসব সম্পদ ও দায়ের হ্রাসের সম্মিলিত নিট প্রভাবের কারণেই ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আগের ৩০ জুনের তুলনায় বেড়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের বিক্রয় আয় ও কর-পরবর্তী মুনাফা বৃদ্ধির পাশাপাশি পরিচালন নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি সম্পদমূল্যেও উন্নতি হয়েছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে