×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি

২০২৬ নভেম্বর ২৮ ১৫:১৭:১২
যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরআর্থিক অবস্থার অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ে মুনাফায় থাকলেও এবার কোম্পানিটি লোকসানে পড়েছে। পাশাপাশি শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহের ঋণাত্মক অবস্থার আরও অবনতি হয়েছে এবং কমেছে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য।

কোম্পানিটির প্রকাশিত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে চলে গেছে কোম্পানিটি।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং দেশের অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অভ্যন্তরীণ ও রপ্তানি—উভয় বাজারেই বিক্রি কমেছে। এর সঙ্গে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের সংকট উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া ঋণের সুদের হার বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানির মুনাফা আরও চাপে পড়ে। এসব কারণের সম্মিলিত প্রভাবে শেয়ারপ্রতি আয় কমে লোকসানে রূপ নিয়েছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৮৪ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ঋণাত্মক ৭৮ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় পরিচালন নগদ প্রবাহের অবস্থার আরও অবনতি হয়েছে।

কোম্পানি জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায় কমে যাওয়া, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য খাতে নগদ অর্থ পরিশোধ বৃদ্ধি এবং ঋণের সুদ বাবদ ব্যয় বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের ৩০ জুন শেষে এ পরিমাণ ছিল ৮০ টাকা ২ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ৮৮ পয়সা।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আলোচ্য সময়ে অবণ্টিত মুনাফা বা রিটেইনড আর্নিংস কমে যাওয়ায় শেয়ারহোল্ডারদের ইকুইটির পরিমাণ হ্রাস পেয়েছে। মূলত এ কারণেই ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আগের অর্থবছরের শেষ সময়ের তুলনায় কমেছে।

সব মিলিয়ে উচ্চ মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা, গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিক্রি হ্রাস এবং সুদ ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মনো সিরামিকের আর্থিক কার্যক্রম চাপে পড়েছে। এর প্রতিফলন দেখা গেছে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়, পরিচালন নগদ প্রবাহ এবং নিট সম্পদমূল্যে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে