×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ

২০২৬ নভেম্বর ২৪ ১১:৫৬:৫৫
সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক খ্রিস্টান পাদ্রি স্যামুয়েল শপশায়ার। যিনি একসময় খ্রিস্টধর্ম প্রচারের জন্য গোপনে সোভিয়েত ইউনিয়নে বাইবেল নিয়ে গিয়ে কেজিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং ধর্মতত্ত্বের ওপর তিনটি স্নাতকোত্তর প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন। কিন্তু কোরআনের একটি ইংরেজি অনুবাদ প্রুফরিড করতে সৌদি আরবে গিয়ে বদলে যায় তার জীবনের গতিপথ।

স্যামুয়েল শপশায়ার জানান, মাত্র তিন মাস বয়সে বিমান দুর্ঘটনায় তার বাবা মারা যান। মৃত্যুর আগে তার বাবা নবী স্যামুয়েলের নামানুসারে তার নাম রেখেছিলেন। মা একটি রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ করতেন। দরিদ্র পরিবারে বড় হওয়ায় প্রতিদিন প্রায় দুই কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো তাকে।

তিনি স্মরণ করেন, তার মা নিজে খ্রিস্টান ছিলেন এবং ইসলাম সম্পর্কে জানতেন না; তবুও ছোটবেলা থেকেই তাকে বলতেন, "স্যামি, বড় হয়ে তোমাকে ইব্রাহিমের রবের কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ একজনই। একদিন তোমাকে তাঁর সামনে দাঁড়িয়ে জীবনের সব ভালো-মন্দ কাজের হিসাব দিতে হবে।"

১৬ বছর বয়সে মা তাকে সাউথ ক্যারোলাইনার একটি খ্রিস্টান বোর্ডিং স্কুলে পাঠান। পরবর্তীতে তিনি খ্রিস্টান হাই স্কুল, বব জোন্স একাডেমি এবং ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়ায় তিনটি খ্রিস্টান স্নাতকোত্তর প্রতিষ্ঠানে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। এ ছাড়া ১২ বছর বয়সে জর্জিয়ার এথেন্সে এক অপরিচিত বৃদ্ধ তাকে নাম ধরে ডেকে বলেছিলেন যে ঈশ্বর তাকে বিশ্বের বহু দেশে আল্লাহর সাক্ষ্য বহনের জন্য বেছে নিয়েছেন।

২১ বছর বয়সে ধর্মপ্রচারের উদ্দেশ্যে চেকোস্লোভাকিয়া হয়ে সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন সীমান্তে প্রায় ৩০ হাজার ছোট বাইবেল নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন স্যামুয়েল। সে সময় সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি তাকে জিজ্ঞাসাবাদ ও কারাবন্দী করে। পরবর্তীতে ভিয়েনা থেকে পোল্যান্ডে বাইবেল নিয়ে যাওয়ার সময়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সামনে বিশ্বজুড়ে খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের ওপর নিপীড়ন নিয়ে সাক্ষ্য দিতেন। রোমানিয়ায় কমিউনিস্ট শাসনামলে কারাবন্দী ১৫৪ জন খ্রিস্টান, ইহুদি ও মুসলিমকে মুক্ত করতেও তিনি ভূমিকা রাখেন।

হাই স্কুল থেকেই খ্রিস্টধর্মের ত্রিত্ববাদ (পিতা, পুত্র ও পবিত্র আত্মা) নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়। শিক্ষকরা তাকে ডিমের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেও স্নাতকোত্তর পর্যায়ে ফিলাডেলফিয়ার ‘ফেইথ থিওলজিক্যাল সেমিনারি’-র এক অধ্যাপক স্বীকার করেন যে ত্রিত্ববাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। প্রাচীন পাণ্ডুলিপিগুলোতেও সংশ্লিষ্ট আয়াতের অস্তিত্ব না থাকায় তার সংশয় আরও গভীর হয়।

৯/১১-এর পরের সময়ে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ সংকুচিত হয়ে পড়লে তার এক বন্ধু ও ধর্মতত্ত্বের শিক্ষক তাকে সৌদি আরবে কোরআনের একটি নতুন ইংরেজি অনুবাদ প্রুফরিড করার প্রস্তাব দেন। মার্কিন গণমাধ্যমের প্রচারণার কারণে শুরুতে ভয় পেলেও জেদ্দায় গিয়ে মানুষের আন্তরিকতা দেখে তিনি বিস্মিত হন। তিনি জানান, ১৮ বছর বয়স থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশ ভ্রমণ করলেও সৌদি আরবের মানুষের মতো এত বন্ধুত্বপূর্ণ আচরণ তিনি কোথাও দেখেননি।

জেদ্দায় ছয় মাস অবস্থানকালে প্রতি রাতে কোরআন পড়া এবং সকালে শায়েখদের সঙ্গে ইংরেজি শব্দচয়ন নিয়ে আলোচনা করাই ছিল তার কাজ। একদিন সন্ধ্যায় আজানের ধ্বনি শুনে এক অদৃশ্য আকর্ষণে তিনি নিকটস্থ ‘তাকওয়া মসজিদে’ যান এবং মুয়াজ্জিনের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। টানা তিন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পর্যবেক্ষণ করার পর শফিক জুবায়ের নামে এক ব্যক্তির কাছে নামাজ ও সূরা ফাতিহা শেখার আগ্রহ প্রকাশ করেন।

ঘরে ফিরে ইংরেজি কোরআনের ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ (পরম ক্ষমাশীল, পরম দয়ালু) অংশটির ব্যাখ্যা পড়ে তিনি আবেগাপ্লুত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিশুর মতো কাঁদতে থাকেন। তিনি উপলব্ধি করেন, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ ইসলামেই রয়েছে।

পরবর্তীতে শফিক জুবায়েরের মাধ্যমে জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদিক মালিকির সঙ্গে তার পরিচয় হয়। তার কাছেই প্রায় ১৪ বছর আগে তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন। শাহাদাহ গ্রহণের পরপরই ড. সাদিক তাকে মক্কার মসজিদুল হারামে নিয়ে যান। কাবা শরীফ দেখে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং তার মায়ের সেই পুরোনো উপদেশটিই মনে পড়ে যায়। (উল্লেখ্য, তার মা ২০০৯ সালে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করায় ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি জেনে যেতে পারেননি।)

স্যামুয়েল জানান, তার মাধ্যমে পরিবারের বেশ কয়েকজন—বিশেষ করে তার বড় ভাই লু (ইসা আলহাজ হোসাইন) ইসলাম গ্রহণ করেন। দুই ভাই মিলে ‘মুসলিম ভয়েস ফর পিস’ নামে একটি সংস্থা গড়ে তোলেন এবং ৫০টিরও বেশি দেশে ইসলামের বার্তা প্রচার করেছেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে স্যামুয়েল শপশায়ার বলেন, তিনি ছিলেন মানবাধিকার, নাগরিক অধিকার, বর্ণবৈষম্যহীনতা, নারী অধিকার (কন্যাশিশু হত্যা বন্ধ) এবং পরিবেশ ও প্রাণীদের অধিকারের অন্যতম অগ্রদূত। তিনি যুদ্ধবিরোধী ছিলেন এবং কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই ন্যায়সংগতভাবে যুদ্ধের অনুমতি দিয়েছিলেন, যেখানে নারী, বয়স্ক মানুষ, ফসল কিংবা প্রাণী হত্যার কোনো সুযোগ নেই।

সবশেষে তিনি বলেন, আজকের বিশ্ব মুসলিমদের কথার চেয়ে তাদের সুন্দর আচরণ, ভালোবাসা ও উন্নত চরিত্রের মাধ্যমেই ইসলামের প্রকৃত সৌন্দর্য বুঝতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে