×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৬ নভেম্বর ১৪ ১৯:২২:১৯
২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। ৫ মার্চ দিবাগত রাতে পালিত হতে পারে শবে কদর। আর ৯ মার্চ উদ্‌যাপিত হতে পারে ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।

পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ উপলক্ষ। এক মাসের সিয়াম সাধনা, রমজানের শেষ দশকের মহিমান্বিত রাত শবে কদর এবং মাস শেষে ঈদুল ফিতর উদ্‌যাপনের মধ্য দিয়ে কাটে এই বিশেষ সময়।

২০২৭ সালের এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির দিন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিত প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার উদ্‌যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

অন্যদিকে, রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত পবিত্র শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায় রমজানের প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। আর ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।

১৪৪৮ হিজরির রমজান উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত সময়সূচিতেও একই সময় উল্লেখ রয়েছে।

তবে রমজানের প্রথম দিনের সেহরি ও ইফতারের সময় চূড়ান্তভাবে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুসরণ করতে হবে।২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদ্‌যাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন।

প্রকাশিত ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—

- শবে মেরাজ: ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাত

- শবে বরাত: ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাত

- শবে কদর: ৫ মার্চ দিবাগত রাত

- ঈদুল ফিতর: ৯ মার্চ

- আরাফাতের দিন: ১৫ মে

- ঈদুল আজহা: ১৬ থেকে ১৮ মে

- পবিত্র আশুরা: ১৫ জুন

- ঈদে মিলাদুন্নবী (সা.): ১৪ ও ১৫ আগস্ট

- শবে মেরাজ: ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাত

তবে প্রকাশিত এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য তারিখের সঙ্গে বাংলাদেশের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পর বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদ্‌যাপনের চূড়ান্ত তারিখ জানা যাবে। এ ছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সেহরি ও ইফতারের সময়েও কিছুটা পার্থক্য থাকবে।

উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে