×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য

২০২৬ নভেম্বর ১১ ১৮:১৬:৫৪
‘আমরা তো চাই উৎসব হোক’—অভিযোগের জবাবে মন্ত্রীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভগ্নিপতি ও ভাগ্নিরা ডিলারশিপ পেয়েছেন। এ ঘটনাকে তিনি ‘মহোৎসব’ হিসেবে উল্লেখ করেন। জবাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘আমরা তো চাই এটা উৎসব হোক।’

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তাঁরা।

সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। বিএনপির সংসদ সদস্যদের পরিবারের সদস্য ও স্বজনেরা এ নিয়োগে অগ্রাধিকার পেয়েছেন বলে দাবি করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উদাহরণ দিয়ে হাসনাত বলেন, সেখানে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির। তাঁদের মধ্যে ১০ জন নেতা ও জনপ্রতিনিধিদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাতের অভিযোগ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কেউ কেউ অর্থের বিনিময়ে ডিলারশিপ দিয়েছেন। কোথাও কোথাও ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০টি ডিলারশিপ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনে দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাসনাত আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করা ব্যক্তিরাও যাতে নতুন করে ডিলারশিপ পাওয়ার সুযোগ পান, সে ধরনের নিয়ম মন্ত্রণালয় থেকে করা হয়েছিল। নিয়োগপ্রাপ্তদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করা হবে কি না এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত করার সংস্কৃতি কবে বন্ধ হবে, মন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

হাসনাতের বক্তব্যের জবাবে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য ডিলার নিয়োগকে ‘মহোৎসব’ বলেছেন। তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থে দেখছেন।

মন্ত্রী বলেন, ‘আমরা তো চাই এটা উৎসব হোক। এর মতো করে মানুষ নেক, আমরা তো এটাই চাই। মাননীয় স্পিকার, উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, ভিন্ন।’

ডিলার নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী জানান, এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।

তিনি বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তও দেওয়া হয়। সেই শর্ত অনুসরণ করে ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছিল।

মন্ত্রী আরও জানান, আবেদনকারীরা প্রথমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। পরে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে।

বক্তব্যের একপর্যায়ে সংসদে বিরোধী দলের সদস্যদের পার্শ্বকথা বন্ধ রাখার অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছেন। তাঁর জবাব অপছন্দ হলে সংসদ সদস্যরা পরে আবার প্রশ্ন করতে পারবেন। তবে বক্তব্য দেওয়ার সময় যেন কেউ পার্শ্বকথা না বলেন, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে