×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গ্রাহকের বয়স ১৫০ বছর, অ্যাকাউন্ট নিয়ে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

২০২৬ নভেম্বর ১১ ০৮:২৩:২৬
গ্রাহকের বয়স ১৫০ বছর, অ্যাকাউন্ট নিয়ে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টে গ্রাহকের পরিচয় ও বয়সসংক্রান্ত অসংগতি এবং অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে বিকাশের বিরুদ্ধে কেন জরিমানা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছে এ ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলোর কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। এ ছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল থাকায় কেওয়াইসি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকা ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ সব ধরনের পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এ ঘটনায় বিকাশকে এখনো কোনো জরিমানা করা হয়নি। ব্যাখ্যা চাওয়াকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে এ ধরনের জরিমানার জন্য সংশ্লিষ্ট আইন বা সার্কুলারে নির্দিষ্ট বিধান থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মতো কার্যক্রম বাড়ছে। এসব কার্যক্রমের বড় একটি অংশ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাদের আশঙ্কা।

এ কারণে গ্রাহকের পরিচয় যাচাই, অ্যাকাউন্টের তথ্যের নির্ভুলতা এবং অস্বাভাবিক লেনদেন পর্যবেক্ষণের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

তবে বিকাশের দাবি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনেই যথাযথ গ্রাহক পরিচিতি যাচাই (সিডিডি) প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়। ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করে গ্রাহকের তথ্য যাচাই করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, ই-কেওয়াইসির ক্ষেত্রে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে এনআইডির তথ্য সংগ্রহ করা হয়। পরিচয় নিশ্চিত করতে ব্যবহার করা হয় ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিও। ফলে এনআইডিতে জন্মতারিখ বা অন্য কোনো তথ্য ভুল থাকলে তা অ্যাকাউন্টেও প্রতিফলিত হতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশে এনআইডির জন্মতারিখের ভুলের কারণে এ ধরনের অসংগতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের নির্বাচন কমিশনের ডেটাবেসে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, কাগজভিত্তিক কেওয়াইসি ফরমের তথ্য হাতে এন্ট্রি করার সময় কিছু ক্ষেত্রে জন্মসাল ভুল লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আলোচিত সব অ্যাকাউন্টকে বর্ধিত গ্রাহক যাচাই (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি ২০ লাখ অ্যাকাউন্ট সক্রিয়।

বাংলাদেশ ব্যাংক এখন বিকাশের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করবে। জবাব সন্তোষজনক না হলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে