×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক

২০২৬ নভেম্বর ১১ ০৮:২৮:৪৭
১০ বছরের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রাজধানীর মতিঝিলে কেনা ১২ তলা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্দেশ্যে ভবনটি কেনার উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ে হস্তান্তর না করায় আইনি জটিলতায় পড়েছিল ব্যাংকটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের চূড়ান্ত রায় ও পরবর্তী নির্দেশনার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভবনটিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে আদালতের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ভবনের দখল বেসিক ব্যাংক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মো. মোফাজ্জল। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, কয়েকজন মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবু মো. মোফাজ্জল বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ব্যাংক ভবনটির দখল বুঝে পেয়েছে। এ জন্য তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, ভবনটির অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে দ্রুত প্রধান কার্যালয় সেখানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

২০১০ সালে প্রধান কার্যালয়ের জন্য ভবন নির্মাণের উদ্দেশ্যে ‘বিজনেস রিসোর্সেস লিমিটেড’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। প্রতিষ্ঠানটির মালিক ছিলেন জমির মালিক সিংকু আকরামউজ্জামান।

চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে ব্যবহারের উপযোগী অবস্থায় ব্যাংকের কাছে হস্তান্তর করার কথা ছিল। একই সঙ্গে ভবনের মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও বুঝিয়ে দেওয়ার শর্ত ছিল।

চুক্তিতে ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা বেসিক ব্যাংকের জন্য বরাদ্দ রাখা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর না করায় ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ৯ নভেম্বর বেসিক ব্যাংকের পক্ষে চূড়ান্ত রায় দেন ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২। রায়ে ভবনটির দখল ব্যাংকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

ওই রায়ের ভিত্তিতেই মঙ্গলবার আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে ভবনটির দখল বুঝে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এখন অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে