×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

২০২৬ নভেম্বর ১১ ১৫:১৯:৫৭
নেত্রকোণার আলোচিত সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সাগরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নেত্রকোণায় তার নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার প্রয়োজনে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।

পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির প্রতিবেদনে শিশুটির কন্যাসন্তানের ডিএনএ প্রোফাইলের সঙ্গে আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এর মাধ্যমে নবজাতকের জৈবিক পিতা হিসেবে সাগরের পরিচয় নিশ্চিত হয়।

সবশেষে ২৭ আগস্ট সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার শেষে বুধবার আদালত সাগরকে মৃত্যুদণ্ড এবং মামুন মিয়াকে খালাস দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে