×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নতুন করে এক দিনেই ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ!

২০২৬ নভেম্বর ১১ ১৭:৪৪:০৯
নতুন করে এক দিনেই ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ!

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় ১৪৬টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানা রয়েছে। মজুরি বোর্ডের কার্যক্রম চলমান এবং আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে পৌঁছানোর পরও এ অস্থিরতা দেখা দিয়েছে।

কারখানা মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে অনেক কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানিয়েছে, আশুলিয়ায় ইসলাম গ্রুপ, স্টার্লিং, এনভয়, নিট এশিয়া ও মণ্ডল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর কারখানাও উৎপাদন চালাতে পারেনি।

টিবিএসের হাতে আসা বিজিএমইএর একটি তালিকায় ১৪৬টি কারখানার উৎপাদন বন্ধ থাকার তথ্য রয়েছে। তবে তালিকায় ১০৮টি কারখানার নাম পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা বলেন, বেশিরভাগ কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ দেননি। কিছু কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এম এম মামুন-উর-রশিদ গাজীপুরে শ্রম অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করতে হয়েছে।

বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী এ পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বলেন, মজুরি বোর্ড গঠনের পর থেকেই আলোচনা চলছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষ একমত হয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলন, ভাঙচুর ও কাজে যোগ না দেওয়ার কারণ বুঝতে পারছেন না তাঁরা।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আগের দিনের তুলনায় অস্থিরতা বেড়েছে। তবে সংগঠনটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

টানা প্রায় দুই সপ্তাহের বিক্ষোভের পর নতুন করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা বাড়ায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিষয়টি বিবেচনা করছেন মালিকরা। বিশেষ করে যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, সেসব প্রতিষ্ঠানে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের চিন্তা করা হচ্ছে।

এ ধারার আওতায় শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ মজুরি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে পারে। বিজিএমইএ সূত্র জানিয়েছে, নিউ এজ অ্যাপারেলস, নিউ এজ গার্মেন্ট এবং কাইলক নিউ এজ বিডি ইতিমধ্যে এ ধারার আওতায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

শিহাব উদ্দোজা চৌধুরী জানান, বুধবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর ১৩(১) ধারা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই শ্রমিক আহত হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন কারখানা মালিকরা।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, সহিংসতা উসকে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, আহত দুই শ্রমিককে নিহত বলে প্রচার করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবারও অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্রমিক অসন্তোষের প্রভাব পড়তে শুরু করেছে দেশের পোশাক রপ্তানিতে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশের বিকল্প হিসেবে ভারতসহ অন্য উৎপাদনকেন্দ্রে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বার্ষিক প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানান, চলমান অস্থিরতার কারণে ব্রিটিশ রিটেইলার মার্কস অ্যান্ড স্পেনসার সম্প্রতি বিশেষায়িত কটন ট্রাউজারের একটি বড় ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিয়েছে। আরও কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

সুইডেনভিত্তিক একটি বড় পোশাক ব্র্যান্ডের ঢাকা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টরও ঝুঁকির বিষয়টি জানিয়েছেন। তাঁর ভাষ্য, দ্রুত পরিস্থিতির সমাধান না হলে আগামী দুই মাসে বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

মজুরি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলমান থাকার মধ্যেই নতুন করে বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারাও।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এ পর্যায়ে রাজপথে আন্দোলনে নামাকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অস্থিরতা অব্যাহত থাকলে কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং শ্রমিকরা জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন। বিদেশি ক্রেতারাও ক্রয়াদেশ কমানোর বিষয়ে সতর্ক করছেন বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিকদের শান্ত থাকার পাশাপাশি মজুরি বোর্ডকে কাজ শেষ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নাজমা আক্তার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে