×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ! 

২০২৬ নভেম্বর ১১ ০৮:৪৯:০৫
দ্রুত বদলে যাচ্ছে সৌদি রাজপ্রাসাদের সমীকরণ! 

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্র কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিশ্বের শীর্ষ তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র প্রশাসনিক ভবনে এক নজিরবিহীন ও নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের তৈরি কোটি ডলারের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পরিচালিত এই হামলার পর সৌদি রাজপরিবার ও রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতিদের ‘ইমেইল আল্টিমেটাম’ এবং পাকিস্তানের এফ-১৬ আধুনিকায়নে পেন্টাগনের ৬৮৬ মিলিয়ন ডলারের সহায়তা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে চরম উত্তপ্ত করে তুলেছে।

খবরে জানা গেছে, ইয়েমেন সীমান্ত থেকে উড়ে আসা একটি অত্যাধুনিক ও রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ মিসাইল রিয়াদের কড়া নিরাপত্তা বলয় ভেদ করে সরাসরি আরামকো টাওয়ারের মাঝের একটি ফ্লোরে আঘাত হানে। বিকট বিস্ফোরণে পুরো আর্থিক জেলা কেঁপে ওঠে এবং ভবনে আগুন ধরে যায়। সৌদি সামরিক মুখপাত্র তিনটি মিসাইল আকাশেই প্রতিহতের দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আরামকো টাওয়ারে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

সৌদি আরবের জাতীয় বাজেট, অর্থনীতি এবং ‘ভিশন ২০৩০’ মেগা প্রকল্পের মূল চালিকাশক্তি আরামকো। সেখানে এই আঘাত দেশটির আর্থিক ও জ্বালানি নিরাপত্তার ভিত্তিমূলে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এ হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী। গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমানের বোমাবর্ষণে অন্তত ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। স্থানীয় তথ্যমতে, গত এক থেকে দেড় মাসের সংঘাতে এক হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। তবে হুতিরা মাটির নিচের বাঙ্কার থেকে লাগাতার রিয়াদের দিকে মিসাইল তাক করে রাখার হুঁশিয়ারি দিয়ে প্রতিরোধ অব্যাহত রেখেছে।

রিয়াদে হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালীতে নতুন সামরিক নির্দেশনা জারি করেছে হুতিরা। তারা ঘোষণা দিয়েছে, বাব-এল-মান্দেব প্রণালী দিয়ে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ অতিক্রম করতে হলে প্রবেশের আগেই ইমেইলের মাধ্যমে হুতি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে তাকে সরাসরি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হবে। এজন্য উপকূলে বিপুল পরিমাণ অ্যান্টি-শিপ মিসাইল মোতায়েন করেছে গোষ্ঠীটি।

মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে পর্দার আড়াল থেকে নতুন ঘুঁটি চালছে যুক্তরাষ্ট্র। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও পাকিস্তানের ৬০ থেকে ৭০টি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮৬ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১ বিলিয়ন ডলার) সামরিক প্যাকেজ অনুমোদন করেছে পেন্টাগন। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও হুতিদের একযোগে মোকাবিলা করতে শুধু সৌদি আরবের ওপর নির্ভর করা সম্ভব নয় জেনেই ওয়াশিংটন পাকিস্তানকে এই অঞ্চলে সামনে নিয়ে আসছে। মার্কিনদের মূল লক্ষ্য—পাকিস্তান যেন ইরান সীমান্তে সামরিক চাপ তৈরি করে এবং ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে লজিস্টিক ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দেয়।

সৌদি আরবের উদ্যোগে প্রস্তাবিত ‘মক্কা জোট’ নামক সামরিক কোয়ালিশনে নতুন করে সিরিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের মতো দেশগুলোকে যুক্ত করার তৎপরতা চলছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, আমিরাত বা কাতারের মতো দেশগুলো পর্যটন ও কাচের ভবনের অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকায় তারা নিজেদের ভূখণ্ডকে হুতিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত করার ঝুঁকি নিতে দ্বিধায় রয়েছে।

সব মিলিয়ে পরাশক্তিগুলোর বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্য এবং আঞ্চলিক আধিপত্যের নির্মম লড়াইয়ে পুরো মধ্যপ্রাচ্য আজ এক মহা অগ্নিকুণ্ডের মুখে এসে দাঁড়িয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে