×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা

২০২৬ নভেম্বর ১১ ১০:৫৫:৪৭
স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে প্রতিমন্ত্রীকে ফাহাম আব্দুস সালামের খোঁচা

নিজস্ব প্রতিবেদক: স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের সমালোচনা করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, কোটি কোটি টাকার মালিক হলে কিংবা আওয়ামী লীগ সরকারের আমলেও কোটি টাকার ব্যবসা করতে পারলে সহজেই বলা যায়, স্বামী-স্ত্রীর দুজনের চাকরি করা পছন্দ নয়। তবে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ভিন্ন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ফাহাম আব্দুস।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কোটি কোটি টাকা থাকলে, এমনকি আওয়ামী লীগের আমলেও কোটি কোটি টাকার ব্যবসা করলে খুব সহজেই বলা যায় যে স্বামী-স্ত্রীর চাকরি করা আমি পছন্দ করি না।’

তিনি আরও বলেন, বাজারে গিয়ে সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করা এবং তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। যেসব পুরুষকে সংসারের বাজার করতে হয় না, তাদের পক্ষে বড় বড় কথা বলা সহজ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর দুজনের চাকরি করা নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, ব্যক্তিগতভাবে তিনি তা পছন্দ করেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এর প্রভাব সন্তানদের লালন-পালনের ওপর পড়তে পারে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, স্বামী-স্ত্রী দুজনের উপার্জন বা চাকরি করার ক্ষেত্রে আইনগত কিংবা সামাজিক কোনো বাধা নেই। তবে সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা-মায়ের সরাসরি উপস্থিতি গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের নিবিড় পরিচর্যায় বড় হলে সন্তানদের মধ্যে আলাদা ধরনের মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয় বলে তিনি মনে করেন।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় মীর শাহে আলম বলেন, মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে—বিষয়টি এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে। তবে বাবা-মায়ের নিবিড় সান্নিধ্যে বেড়ে ওঠার বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি আরও স্পষ্ট করেন, একই পরিবারের স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে তার কোনো আপত্তি নেই। একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি একান্তই তাঁর ব্যক্তিগত অভিমত।বক্তব্যটি গণমাধ্যমে যেন ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে ফাহাম আব্দুস সালামের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য, সংসারের ব্যয় এবং সাধারণ পরিবারের আর্থিক বাস্তবতার প্রসঙ্গ সামনে এনে তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে