×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার

২০২৬ নভেম্বর ১১ ১৫:৪৮:৫৩
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: পরীক্ষার নম্বর ও সময় জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা কার্যকর হবে।

নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।

শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। নতুন নীতিমালায় তা এক বছর বাড়ানো হয়েছে। তবে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ১৩ অক্টোবর প্রকাশিত নীতিমালায় প্রথম শ্রেণিতে সর্বনিম্ন বয়স পাঁচ বছর রাখা হয়েছে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের শর্তে পার্থক্য থাকছে।

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য বাধ্যতামূলকভাবে লটারি পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়

নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচার করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে