×
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান

২০২৬ নভেম্বর ০৪ ২১:০৫:২১
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জনগোষ্ঠীর কারণে দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা তুলে ধরে সংকট সমাধানে বেইজিংয়ের সহায়তা কামনা করেন তিনি।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। এর জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) লি ছিয়াংয়ের প্রতি শুভেচ্ছা জানান।

লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় বাংলাদেশ ও চীনের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা নিয়ে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণার ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রতি বেইজিংয়ের অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। দীর্ঘ সময় ধরে দুই দেশের জনগণের মধ্যে এ সম্পর্কের একটি বিশেষ অবস্থান তৈরি হয়েছে। ঐতিহাসিক এই বন্ধন অক্ষুণ্ন রাখা এবং আগামী প্রজন্মের কাছে তা আরও শক্তিশালী করে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তমান নেতৃত্বের বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের উদ্যোগ ও অংশগ্রহণে বাংলাদেশ-চীন বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা আরও বিস্তৃত হবে।

সাক্ষাতে জিয়াউর রহমানের চীন সফরের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে কর্মসূচিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকারও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি কৃষক ও সাধারণ মানুষের উপকারের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। লিউ হাইশিং দুই দলের সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে চীনের আগ্রহের কথা জানান। একই সঙ্গে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে চীনের সমর্থনের কথা জানান লিউ হাইশিং।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান দেশের অর্থনীতি, সামাজিক কাঠামো, জনমিতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। এ সংকটের টেকসই সমাধানে চীনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

জবাবে লিউ হাইশিং বলেন, রোহিঙ্গা সংকট সম্পর্কে চীন অবগত রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বেগের বিষয়টি তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানাবেন বলে আশ্বাস দেন।

সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

চীনা প্রতিনিধিদলে লিউ হাইশিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে