×
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শচীনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

২০২৬ নভেম্বর ০৪ ১৯:১০:২৫
শচীনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

ক্রীড়া প্রতিবেদক: ক্রিকেটের রেকর্ডবুকে আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন বিরাট কোহলি। এবার পেছনে ফেললেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকারকে। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। একই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডেও ভাগ বসিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান কোহলি। ৫১ বলের ঝোড়ো ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কায় করেন ৭৪ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে সাজঘরে ফেরেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়েই ওয়ানডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান দখল করেন এই তারকা ব্যাটসম্যান।

এর আগে রান তাড়ায় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে ২৩২ বার ব্যাট করার সুযোগ পান তিনি। ১৭টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরির সাহায্যে তার সংগ্রহ ছিল ৮ হাজার ৭২০ রান। এবার সেই মাইলফলক ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন কোহলি।

শচীনের তুলনায় অনেক কম ইনিংস খেলেই এই কীর্তি গড়েছেন কোহলি। ১৬ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে ১৬৯ বার ব্যাট করেছেন তিনি। এ সময়ে ৩০টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরির সুবাদে তার রান দাঁড়িয়েছে ৮ হাজার ৭৪১। অর্থাৎ শচীনের চেয়ে ১৯ রান বেশি করে নতুন রেকর্ডের মালিক হয়েছেন কোহলি। এবার ওয়ানডের দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি তার সামনে।

রান তাড়ায় কোহলি ও শচীনের ধারেকাছেও নেই অন্য কোনো ব্যাটসম্যান। এই তালিকায় সাত হাজার রানের ঘরও পেরোতে পারেননি বাকি ক্রিকেটাররা। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডের দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৬ হাজার ৮০১ রান।

শুধু শচীনের রেকর্ড ভাঙাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডেও নিজের অবস্থান শক্ত করেছেন কোহলি। প্রথম ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলার পর কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের সমান হয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ক্যারিয়ারে ৫০ ইনিংস খেলে ৬টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরির মাধ্যমে ১ হাজার ৯৭১ রান করেছিলেন পন্টিং। অন্যদিকে মাত্র ৩৭ ইনিংসেই সমান রান করেছেন কোহলি। কিউইদের বিপক্ষে তার সেঞ্চুরি ৭টি এবং হাফসেঞ্চুরি ১১টি। ফলে দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করার কৃতিত্বও দেখিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

নিরব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর

উ
প
রে