×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম

২০২৬ নভেম্বর ০৩ ১১:৩৩:৫৫
পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা করেছে সরকার। এখন থেকে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সিটি করপোরেশন এলাকায় চলতে পারবে না। একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে নিবন্ধন পেতে হলে রিকশাকে নির্ধারিত কারিগরি মান, নিরাপত্তা ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু করছে। নগর ভবন ও সংস্থাটির সব আঞ্চলিক কার্যালয় থেকে ১০০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি ফরম ছাপানোর কাজ করছে এবং শিগগিরই বিতরণের তারিখ ঘোষণা করবে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে।

বিধিমালা অনুযায়ী, ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। একজন ব্যক্তি নিজের একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।

এই সীমা দেশের সব সিটি করপোরেশন মিলিয়ে প্রযোজ্য। অর্থাৎ, একাধিক সিটি করপোরেশনে আবেদন করলেও একজন ব্যক্তি পাঁচটির বেশি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন না। এ ছাড়া এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

নিবন্ধনের আবেদন করতে জমা দিতে হবে—আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি; আবেদনকারীর দুই কপি ছবি; নির্ধারিত ফি জমার রসিদ; ই-রিকশার ফিটনেস সনদ।

আবেদন করা হলেই নিবন্ধন পাওয়া যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিকশার কারিগরি মান ও নিরাপত্তাবৈশিষ্ট্য যাচাই করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ করতে হবে। সব শর্ত পূরণ হলে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়ার বিধান রয়েছে।

পুরোনো রিকশা বাতিল করে নতুন রিকশা কেনার বাধ্যবাধকতা নেই। অনুমোদিত নকশা অনুযায়ী কাঠামোগত পরিবর্তন করতে হবে এবং ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এসব শর্ত পূরণ করতে পারলে পুরোনো ই-রিকশাও নিবন্ধনের সুযোগ পাবে।

নতুন বিধিমালায় যাত্রী বহনক্ষমতার ভিত্তিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।দুই যাত্রী বহনক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা। চার যাত্রী বহনক্ষমতার রিকশার ক্ষেত্রে এ ফি ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর এবং অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। প্রতিটি নিবন্ধিত রিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট থাকবে।

নতুন নিয়মে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণের বিধান রাখা হয়েছে। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না।

ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল ও ব্যস্ত এলাকায় এই সীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও নিষিদ্ধ সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে না।

শুধু ই-রিকশার নিবন্ধন নয়, চার্জিং স্টেশন পরিচালনার জন্যও নিবন্ধন নিতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। অতিরিক্ত যাত্রী বহন, অনুমোদনহীন ব্যাটারি ব্যবহার এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও শাস্তির বিধান রাখা হয়েছে।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে গবেষক দল ই-রিকশার নতুন নকশা তৈরি করেছে। এতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, বিকল্প পার্কিং ব্রেক, পেছনের যান দেখার আয়না, সংকেতবাতি ও স্থায়ী হেডলাইটসহ মোট ১৬টি নিরাপত্তাবৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

নতুন নকশা অনুযায়ী একটি ই-রিকশা তৈরি করতে খরচ পড়বে প্রায় দেড় লাখ টাকা। এর সঙ্গে ব্যাটারির জন্য অতিরিক্ত ৫০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। ফলে নতুন নকশা অনুসরণ, কারিগরি মান নিশ্চিত করা এবং নিবন্ধন নিতে রিকশার মালিকদের বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।

সরকারের লক্ষ্য, নতুন বিধিমালার মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা বাড়ানো। তবে নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি নিয়ম মানানো ও বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে