×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চার দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২০২৬ অক্টোবর ২৫ ১০:৫৫:০৭
চার দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সে সময় আরিফ হোসেন খান জানিয়েছিলেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা শনাক্ত করা এবং তা সমাধানে কাজ চলছিল। ঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি হয়েছিল। এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ পেতে পারেন। এতে সার্ভারে সংরক্ষিত নথি, তথ্যভান্ডার ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

তবে নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি ছিল সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে