×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড

২০২৬ অক্টোবর ১৯ ০০:৪৩:৪৮
এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে নজিরবিহীন এক ঐতিহাসিক রেকর্ড গড়ল তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার মাত্র এক দিনের মাথায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে এই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারের ইতিহাসে এর আগে এত দ্রুততম সময়ে ডিভিডেন্ড বিতরণের কোনো নজির দেখা যায়নি।

কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএসের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আয়োজিত উক্ত সভায় পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা শেষের ঠিক পরদিনই ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ডিভিডেন্ডের টাকা পাঠিয়ে দেয় কোম্পানিটি।

মো. রফিকুল ইসলাম জানান, কোম্পানির সুদৃঢ় তারল্য অবস্থান, আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো, পরিচালনা পর্ষদের গতিশীলতা এবং পেশাদার কর্মদক্ষতার কারণেই এজিএম সম্পন্ন হওয়ার পরদিনই ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ে ডিভিডেন্ডের অর্থ বুঝিয়ে দিয়ে ওয়ালটন শেয়ারবাজারে করপোরেট সুশাসনের অনন্য এক মানদণ্ড তৈরি করল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে ওয়ালটনের ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে নতুন স্টক বা বোনাস শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।

শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে ওয়ালটন সর্বমোট ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৯৪ টাকা নিট মুনাফা অর্জন করেছে—যা আগের অর্থ বছরে ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৩৬৩ টাকা।

আলোচ্য অর্থ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সায়, যা পূর্ববর্তী অর্থ বছরে ছিল ৩১ টাকা ১১ পয়সা। পুনর্মূল্যায়নসহ ওয়ালটনের মোট নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা। এতে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়নসহ ৩৮১ টাকা ২৬ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২৮০ টাকা ২৪ পয়সা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, অনুমোদিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড থেকে প্রাপ্ত মূলধন কোম্পানির চলমান সবুজ জ্বালানি সক্ষমতা বাড়ানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সুসংহতকরণ এবং কারখানার আধুনিকায়ন ও সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পে পুনঃবিনিয়োগ করা হবে। এই স্টক ডিভিডেন্ডের সমুদয় অর্থ কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) থেকে দেওয়া হচ্ছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে