×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা

২০২৬ অক্টোবর ২৪ ১৯:৫১:০৬
কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না। পর্যটন এলাকার নিরাপত্তা ও ভাবমূর্তি রক্ষায় হোটেল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটন নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সভাটি কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শামীম আরা স্বপ্না বলেন, পরিবারের সঙ্গে হোটেলে এলে অপ্রাপ্তবয়স্কদের থাকার বিষয়টি এক রকম। কিন্তু কিছু হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা কথিত প্রেমিকের সঙ্গে এসে অবস্থান করছে বলে অভিযোগ রয়েছে। বয়স ১৮ বছর না হলেও পরিচয়পত্র ছাড়াই তাদের কক্ষ ভাড়া দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তার মতে, এ ধরনের ঘটনা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

চলতি মাসে কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের একটি হোটেলে তার অবস্থানের বিষয়টি আলোচনায় আসে। গত ৮ অক্টোবর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তাজমিন ‘তানজু আক্তার’ নামে কথিত প্রেমিক রাজুর সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করেছিলেন। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল। অপ্রাপ্তবয়স্ক অতিথির পরিচয় ও বয়স যাচাইয়ের বিষয়টি এ ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে।

সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ওই ঘটনার সঙ্গে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকেরা যেন কক্সবাজারে আসা থেকে বিরত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক দুর্ঘটনাগুলোও আলোচনায় আসে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর চার দিন পর, ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।

এসব ঘটনার পর পর্যটন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, হোটেলে অতিথিদের পরিচয় যাচাই এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে