×
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২০২৬ অক্টোবর ২২ ২০:১৫:০০
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেক: সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে। তবে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ইতোমধ্যে কোনো সাইবার হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করা এবং তা দূর করার কাজ চলছে। সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি আবার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা তৈরি হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগাতে পারলে সম্ভাব্য হামলাকারীরা দূর থেকেই কোনো সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে।

এই ধরনের ত্রুটি কাজে লাগানো হলে সার্ভারে সংরক্ষিত ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঝুঁকি পর্যালোচনা, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপি প্রযুক্তিনির্ভর আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ক্ষেত্রে আলোচিত নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে কোনো হামলা চালানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যায় না। ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ, সার্ভারের কনফিগারেশন এবং অন্যান্য সুরক্ষাব্যবস্থার ওপর প্রকৃত ঝুঁকি নির্ভর করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতিতে সার্ভারে ব্যবহৃত পিএইচপির সংস্করণ পরীক্ষা করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করা জরুরি। দ্রুত ত্রুটি সংশোধন করা সম্ভব না হলে ফায়ারওয়াল ব্যবহার, অননুমোদিত সংযোগ সীমিত করা এবং প্রয়োজন অনুযায়ী সার্ভারকে সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে ওয়েবসাইটটি কখন পুনরায় চালু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে