×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি

২০২৬ অক্টোবর ২১ ০৬:৫১:১৬
৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা দুটি পৃথক মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা দুটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত ১৮ অক্টোবর বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন পাঁচ কর্মকর্তার পক্ষে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তা।

ব্যারিস্টার কাজী এরশাদুল আলম জানান, এর আগে ওই পাঁচ কর্মকর্তা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। পরে বিচারিক আদালত থেকেও তাঁরা নিয়মিত জামিন লাভ করেন।

মামলার নথি অনুযায়ী, প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আইপিইএল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির ঢাকার আদালতে মামলা দুটি দায়ের করেন। পরবর্তী সময়ে মামলা দুটির বিচারিক কার্যক্রম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এগিয়ে যায় এবং অভিযোগ গঠনের পর্যায়ে পৌঁছায়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, একই দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে তাঁরা হাইকোর্ট থেকে আগাম জামিন পান।

বর্তমানে হাইকোর্টের আদেশে মামলা দুটির বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। পাশাপাশি মামলা দুটি বাতিলের বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কার্যক্রম।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে