×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ

২০২৬ অক্টোবর ২১ ১৮:৪৯:৪০
সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে চলতি বছরে মোট ১৯ হাজার ৬১০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন শূন্যপদ, ইতোমধ্যে নিয়োগ এবং অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে।

সোমবার গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের ২০টি স্বাস্থ্য অঞ্চলে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এসব পদে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মান বাড়ানো, জনবলের ঘাটতি পূরণ এবং দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে কোন পদে কী যোগ্যতা প্রয়োজন, তা জানতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করতে হবে।

হেলথ হোল্ডিং কোম্পানির তথ্যমতে, চলতি বছরে এরই মধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন শূন্যপদ, সম্পন্ন নিয়োগ ও প্রশিক্ষণ চুক্তি একত্র করেই মোট ১৯ হাজার ৬১০টি সুযোগের হিসাব করা হয়েছে।

তবে এই সংখ্যার সব পদ বর্তমানে শূন্য নয় কিংবা সবগুলোতে এখনই আবেদন করা যাবে—এমন ধারণা সঠিক হবে না। নতুন ঘোষিত পদগুলোর পাশাপাশি ইতোমধ্যে নিয়োগ সম্পন্ন হওয়া এবং প্রশিক্ষণ চুক্তির সংখ্যাও মোট হিসাবের অন্তর্ভুক্ত রয়েছে।

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালে গিয়ে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং অন্যান্য শর্ত যাচাই করে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তাই আবেদনের আগে বিজ্ঞপ্তি প্রকাশ ও শেষ তারিখ নিশ্চিত করা জরুরি।

এ উদ্যোগের প্রধান লক্ষ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা। সে কারণে নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত কি না, তা প্রকাশিত তথ্যে স্পষ্ট নয়। তবে সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক নিয়োগের সুযোগ থাকতে পারে।

বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার নিবন্ধন, পেশাগত লাইসেন্স এবং বৈধভাবে কাজ করার অনুমতির শর্ত প্রযোজ্য হতে পারে। তাই বাংলাদেশি চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদন করার সুযোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে