×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৫:২৭:৪০
মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে আত্তীকরণ ও নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরতদের নিয়মিতকরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে গত ১৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। উপসচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত ওই আদেশে কমিটিকে সংশ্লিষ্ট আইন, বিধিমালা, সাংগঠনিক কাঠামো, আদালতের আদেশ এবং আইনগত মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উন্নয়ন অধিশাখা ও আইন অধিশাখার একজন করে যুগ্মসচিব অথবা উপসচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির আরেক সদস্য হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অথবা তাঁর মনোনীত একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার উপসচিব অথবা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এলজিইডির কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০০৯, অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, সংশ্লিষ্ট মামলার আদেশ এবং আইন ও বিচার বিভাগের দেওয়া মতামত যথাযথভাবে পর্যালোচনা ও অনুসরণ করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই রাজস্ব খাতের বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণ ও নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ তৈরি করবে কমিটি।

তবে অফিস আদেশে আত্তীকরণ বা নিয়মিতকরণ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে—এমন কোনো তথ্য দেওয়া হয়নি। বরং সংশ্লিষ্ট আইন, বিধিমালা, আদালতের নির্দেশনা ও আইনগত মতামত পর্যালোচনার পর কমিটি এ বিষয়ে সুপারিশ করবে। ফলে পরবর্তী সিদ্ধান্ত কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।

জনস্বার্থে জারি করা এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কমিটি গঠনের এই উদ্যোগ নিয়মিতকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে