×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ

২০২৬ সেপ্টেম্বর ১৯ ০৮:১৮:০০
আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই নারীও ছাড়া পেয়েছেন। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, শুক্রবারের ঘটনায় ওই নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মাহবুব আলমের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর নাদের হাজীর মোড় এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম ও এক নারীকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে দুজনকে চন্দ্রিমা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরএমপির মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট নারী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ফ্ল্যাটে থাকা ওই নারী কোনো অভিযোগ না করায় মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাহবুব আলম ওই নারীকে তাঁর স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সেই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর আন্নি আক্তার নামে এক নারী ওই ফ্ল্যাটে যান। তিনি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। আন্নির ভাষ্য, প্রায় দুই ঘণ্টা দরজায় ধাক্কা দেওয়ার পরও ভেতর থেকে কেউ দরজা খোলেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে মাহবুব আলম ও এক নারীকে দেখতে পায়।

পরবর্তীতে দুজনকে চন্দ্রিমা থানায় নেওয়া হলে মাহবুব আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আন্নি আক্তার। অভিযোগে তিনি দাবি করেন, মাহবুব আলম তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া মাহবুব আলমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। গত চার মাসে তিনবার তাকে ওই নারীর সঙ্গে দেখেছেন বলেও দাবি করেন আন্নি। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, আন্নি আক্তারের দেওয়া অভিযোগটি আগের ঘটনার সঙ্গে সম্পর্কিত। বিষয়টি তদন্ত করে দেখা হবে। শুক্রবারের ঘটনা এবং মাহবুব আলমকে ঘিরে অন্যান্য বিষয়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাহবুব আলম এর আগে রাজশাহী মহানগরের চন্দ্রিমা ও দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এক স্ত্রীর অভিযোগের পর তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও রয়েছে।

বর্তমানে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত এবং সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। তবে শুক্রবার তিনি কোনো ছুটি না নিয়েই রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রটির কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলমের কোনো ছুটি ছিল না এবং কাউকে না জানিয়েই তিনি রাজশিয়ায় গেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। মাহবুব আলমের মূল কর্মস্থল নওগাঁ জেলা পুলিশ হওয়ায় এ বিষয়ে বিভাগীয়ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফ্ল্যাটে নারীসহ অবস্থানের ঘটনায় আপাতত কোনো মামলা না হলেও মাহবুব আলমের বিরুদ্ধে আন্নি আক্তারের করা আগের অভিযোগ এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে