×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য

২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৮:৪৫:০৫
তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা গত তিন মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। একই সময়ে এসব হিসাবে মোট আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। এর আগে মার্চ শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

মার্চ শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমা ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

তবে কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানতের চিত্র কিছুটা ভিন্ন। জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণির হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে মোট জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।

মার্চ শেষে ব্যক্তি শ্রেণির এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ছিল ৪০ হাজার ৬৩০টি। সে সময় এসব হিসাবে জমা ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যক্তি পর্যায়ে কোটিপতি হিসাব বেড়েছে ৭১টি। তবে একই সময়ে এসব হিসাবে মোট আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা।

অন্যদিকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বাড়ায় সামগ্রিকভাবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে হিসাবের সংখ্যা ও মোট আমানতের ক্ষেত্রে ব্যাংক খাতে নতুন চিত্র সামনে এসেছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে