×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা

২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৮:০০:০৪
সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে নগরবাসীর সেবার মানোন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।

নির্বাচনী পরিবেশ সৌহার্দ্যপূর্ণ রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকতেই পারে। তবে এর পাশাপাশি সৌহার্দ্য, সৌজন্য এবং ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ থাকা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ঢাকার উন্নয়ন ও নাগরিকসেবার মান বাড়ানোর লক্ষ্যেই প্রতিযোগিতা হওয়া উচিত। কে নগরবাসীকে কতটা ভালো সেবা দিতে পারবেন এবং ঢাকায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন—নির্বাচনে সেই প্রতিযোগিতাই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন সামনে রেখে নিজেদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামও সামনে এসেছে। ফলে একই নির্বাচনী মাঠে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তবে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বিরোধ বা উত্তেজনার পরিবর্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন পাটোয়ারী। তার বক্তব্যে নাগরিকসেবা, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনকে নির্বাচনী প্রতিযোগিতার মূল বিষয় করার আহ্বান উঠে এসেছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে