×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৬:৪৪:২২
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে এখন পর্যন্ত ভারতও একই ধরনের সম্পর্ক চায়—এমন দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক সমমর্যাদা, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।

ব্রিকস সম্মেলনের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা দিয়ে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একজন সরকারপ্রধান হিসেবে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো উচিত ছিল।

ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন স্পিকার। তার মতে, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে এ ধরনের বিষয়গুলোতেও সৎ প্রতিবেশীসুলভ আচরণ প্রয়োজন।

স্পিকার বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। তবে বর্তমানে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ থাকলেও সম্পর্ক উন্নয়নে ভারতের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ খুব বেশি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না যেখানে একটি দেশ অন্যটির ওপর প্রভাব বিস্তার করবে। দুই দেশের সম্পর্ক হতে হবে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসেবে বর্ণনা করা হয়েছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেই ধরনের সম্পর্ক চায় না। বরং সার্বভৌম দুটি দেশের মধ্যে যে ধরনের মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত, সেটিই প্রত্যাশিত।

স্পিকার আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও সংস্কার কার্যক্রমেরও প্রশংসা করেন তিনি। তার ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক জনপ্রিয়তা ও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস হলেও গত ১৭ বছরের বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে পুনর্গঠনে সময় প্রয়োজন।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল উভয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হলে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের কাজ দ্রুত করা সম্ভব হবে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে