×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে

২০২৬ সেপ্টেম্বর ১০ ২০:২৯:০৩
২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে

স্পোর্টস ডেস্ক: ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজনের জন্য মরক্কো প্রস্তুত রয়েছে।

তবে ফাইনালের ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের শেষ ম্যাচটি আয়োজনের দৌড়ে স্পেন ও মরক্কোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে বেশ জোরেশোরেই।

ফাইনাল আয়োজনের জন্য মরক্কো কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান অঞ্চলকে নির্ধারণ করেছে। সেখানে নির্মাণ করা হচ্ছে বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ১৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। ধারণক্ষমতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হতে যাচ্ছে।

২০৩০ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো একই বিশ্বকাপের ম্যাচ ছড়িয়ে পড়বে তিনটি মহাদেশের ছয়টি দেশে। মূলত বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে এই বিশেষ আয়োজনের পরিকল্পনা।

টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, আয়োজনের বৈচিত্র্যেও তৈরি করতে যাচ্ছে নতুন ইতিহাস। আর ফাইনালের ভেন্যু হিসেবে কাসাব্লাঙ্কার নাম সামনে আসায় মরক্কোর স্বপ্ন এখন আরও বড় হয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের মহারণ কোথায় হবে, সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ফিফার আনুষ্ঠানিক ঘোষণার।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে