ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়

২০২৬ জুলাই ২১ ০৯:২৩:২৮
শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে চারটি নতুন বই যুক্ত করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইও আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণিতে 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি', আর ষষ্ঠ শ্রেণিতে 'আনন্দময় শিক্ষা' ও 'আমার কারিগরি শিক্ষা' নামে নতুন চারটি বই সংযোজন করা হবে।

এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণির আইসিটি বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মিডিয়া লিটারেসি, সাইবার নিরাপত্তা এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা সময়োপযোগী প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারে।

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ সালের পাঠ্যবই সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জুলাইয়ের মধ্যেই এ কাজ সম্পন্ন করে বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে, যাতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন ও সংশোধিত বই পৌঁছে দেওয়া সম্ভব হয়।

চতুর্থ শ্রেণির 'খেলাধুলা' বইয়ে সাতটি খেলার ওপর পাঠ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে 'বাংলাদেশের সংস্কৃতি' বইয়ে দেশের ঐতিহ্য, সংস্কৃতি, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ডিজিটাল আসক্তি কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে।

ষষ্ঠ শ্রেণির 'আনন্দময় শিক্ষা' বইটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায়। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এ বই চালুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে 'আমার কারিগরি শিক্ষা' বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই মূল লক্ষ্য।

এনসিটিবি বলছে, বর্তমান আইসিটি বই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো প্রায় সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে। এতে এআই, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, মিডিয়া লিটারেসি এবং ক্লাউড কম্পিউটিংসহ সমসাময়িক প্রযুক্তিভিত্তিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, "দুই শ্রেণিতে নতুন করে চারটি বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' এবং ষষ্ঠ শ্রেণিতে 'আনন্দময় শিক্ষা' ও 'আমার কারিগরি শিক্ষা' বই অন্তর্ভুক্ত করা হবে।"

এনসিটিবি আরও জানিয়েছে, ২০২৭ সালে পাঠ্যবই সংশোধনের পাশাপাশি ২০২৮ শিক্ষাবর্ষে আরও বড় পরিসরে শিক্ষাক্রম সংস্কারের পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রমও প্রণয়ন করা হবে।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য, নতুন বই সংযোজন ও পাঠ্যবই আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও আনন্দময় শিক্ষা নিশ্চিত করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে