ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক

২০২৬ জুন ০৮ ১৩:২৮:৫৪
ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক

নিজস্ব প্রতিবেদক : নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে গত পাঁচ কার্যদিবসে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার প্রভাবেই আমানত প্রত্যাহারের প্রবণতা বেড়েছে।

ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত চার কার্যদিবসে গ্রাহকরা প্রায় ২ হাজার ৫৭০ কোটি টাকা উত্তোলন করেন। এর সঙ্গে ৭ জুন একদিনেই আরও প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে পাঁচ কার্যদিবসে উত্তোলনের পরিমাণ প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলম দায়িত্ব পান। তার নিয়োগের পর থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা ও গ্রাহকদের একাংশ বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতির কারণে চেয়ারম্যান হিসেবে তার প্রথম কর্মদিবসের বোর্ড সভা সরাসরি না হয়ে অনলাইনে অনুষ্ঠিত হয়। একই সময়ে ব্যাংকের চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন বলেন, কিছু গ্রাহক আমানত তুলে নিচ্ছেন, তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, ঋণ অনুমোদনসহ ব্যাংকের সব কার্যক্রম যথাযথ যাচাই-বাছাই ও নিয়মানুযায়ী পরিচালিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, ইসলামী ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গ্রাহকরা উত্তোলিত অর্থ নগদ হিসেবে রাখছেন নাকি অন্য কোনো ব্যাংকে স্থানান্তর করছেন, সেটিও নজরদারির আওতায় রয়েছে। প্রয়োজনে ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে ব্যাংকটির মোট আমানত ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়। তবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলনের ঘটনা ব্যাংকটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

অন্যদিকে, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তা ও গ্রাহকদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন এবং মো. খুরশিদ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যাংকের বাইরে নগদ অর্থ সংরক্ষণের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হওয়ার আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

‌এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে