ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার

২০২৬ জুন ০৭ ১৯:৩৩:৫২
নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: সংসদ সচিবালয় বা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সংসদে উত্থাপন না করে সরাসরি স্পিকারের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি ভালোভাবে অধ্যয়ন করার আহ্বান জানান তিনি।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম হক ভুঁইয়ার উত্থাপিত অভিযোগের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে সেলিম হক ভুঁইয়া অভিযোগ করেন, সবার আগে নোটিশ জমা দেওয়ার পরও তার নাম আলোচ্য তালিকার শীর্ষে স্থান পায়নি।

জবাবে স্পিকার জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখেছেন। তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট নোটিশটি নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক মিনিট পরে জমা দেওয়া হয়েছিল। ফলে তা সেদিনের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

স্পিকার বলেন, “আপনার জমা দেওয়া নোটিশটি নির্ধারিত সময় অতিক্রমের এক মিনিট পর জমা হয়েছে। তাই আজকের তালিকায় স্থান পায়নি। তবে পরবর্তী কার্যদিবসের তালিকায় তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হতে পারে।”

তিনি আরও জানান, আলোচ্য তালিকায় থাকা একটি নোটিশ আগেই জমা দেওয়া হয়েছিল এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী নোটিশ নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে জমা দিতে হয়।

এ সময় স্পিকার কার্যপ্রণালী বিধির ৫৪ ধারার (৩) উপধারা উল্লেখ করে বলেন, সংসদ সচিবালয় বা এর কর্মচারীদের আচরণ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা সরাসরি স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে লিখিত আকারে জানাতে হবে।

তিনি বলেন, “সংসদ সচিবালয় সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা হাউজে উত্থাপন না করে সরাসরি আমাকে লিখিতভাবে জানাবেন। আজ যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি।”

শেষে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, “আমি বারবার বলি, কার্যপ্রণালী বিধির বইটি সবাই মনোযোগ দিয়ে পড়ুন। সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।”

রবিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে