ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

দেশ ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২০২৬ মে ২৭ ১১:৩১:০৭
দেশ ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে দেশ ও বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের এক চিরন্তন শিক্ষা বহন করে।

তারেক রহমান উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের আদর্শ ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, “আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”

একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করেন।

শেষে প্রধানমন্ত্রী বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তাঁর রহমত ও বরকতে আমাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে