ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

ঘুমিয়ে পড়া বিতর্ক নিয়েও ব্যাখ্যা দিলেন ট্রাম্প

২০২৬ মে ২৭ ১১:২১:৪৬
ঘুমিয়ে পড়া বিতর্ক নিয়েও ব্যাখ্যা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার শরীরের সবকিছু “একেবারে ঠিকঠাক” রয়েছে। তবে স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

ট্রাম্প প্রায়ই নিজেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় বেশি কর্মক্ষম ও সুস্থ বলে দাবি করেন। বাইডেন গত বছর ৮২ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়েছেন।

যদিও ট্রাম্প নিজেকে সুস্থ দাবি করছেন, সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি তার ঘাড়ে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তার গোড়ালি ফোলা এবং হাতে কালশিটে দাগের ছবিও প্রকাশ্যে আসে।

হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, ঘাড়ের দাগের জন্য ট্রাম্প সাধারণ একটি ক্রিম ব্যবহার করছেন। তিনি বিষয়টিকে “প্রতিরোধমূলক ব্যবস্থা” হিসেবে উল্লেখ করেন।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের শারীরিক সমস্যাগুলো গুরুতর নয় এবং তার মধ্যে ডিপ ভেইন থ্রম্বোসিস বা ধমনিজনিত জটিলতার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্পের পায়ের ফোলাভাব একটি সাধারণ শিরাজনিত সমস্যা। আর বহু মানুষের সঙ্গে হাত মেলানোর কারণেই তার হাতে কালশিটে দাগ পড়েছিল।

গত অক্টোবরে ট্রাম্প একটি এমআরআই পরীক্ষাও করান। সে বিষয়ে চিকিৎসক বারবাবেলা দাবি করেন, ট্রাম্পের হৃদ্‌যন্ত্রের বয়স তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম।

এদিকে, কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার দৃশ্য নিয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে ট্রাম্পের দাবি, তিনি ঘুমাচ্ছিলেন না; বরং চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে