ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী

২০২৬ মে ২৬ ১৫:১৪:০৪
ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

হিব্রু গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্যগত বিষয় সাম্প্রতিক সময়ে দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার কিছু তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

গত মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি সম্প্রতি প্রোস্টেটে ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তার দাবি, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিষয়টি প্রকাশ করলে তা ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার হতে পারত।

তবে কবে রোগ শনাক্ত হয়েছিল বা চিকিৎসা কবে শুরু ও শেষ হয়েছে—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নেতানিয়াহুর স্বাস্থ্যসংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচকদের অভিযোগ, প্রকাশিত নথিতে পর্যাপ্ত চিকিৎসা তথ্য ও আনুষ্ঠানিক হাসপাতালীয় বিবরণ ছিল না।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে তার শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালে তিনি হার্নিয়া ও প্রোস্টেট-সংক্রান্ত অস্ত্রোপচারও করান।

পেসমেকার বসানোর সময় প্রথমে বলা হয়েছিল, তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটর স্থাপন করা হয়েছিল। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে জনমনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়।

চিকিৎসকরা পরবর্তীতে জানান, হাসপাতালে অবস্থানের সময় তার ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। তবে তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা স্বাভাবিক ছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে