ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা

২০২৬ মে ২৬ ১১:১৫:৪৯
চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা

নিজস্ব প্রতিবেদক: চীন সরকারের আমন্ত্রণে আগামী জুনে দেশটি সফরে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা। ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরের সব ব্যয়ভার বহন করবে চীন সরকার।

সফরকালে প্রতিনিধি দলটি চীনের উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা ও তৃণমূল প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সম্প্রতি চীনা দূতাবাস প্রকাশিত তালিকা অনুযায়ী প্রতিনিধি দলে রয়েছেন—মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

এর আগে গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ সফরের আমন্ত্রণ জানান।

সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এ সফরে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, উন্নয়ন, প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে চীনের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ ভবিষ্যতে কাজে লাগবে বলে তিনি মনে করেন।

চীনা দূতাবাসের তথ্যমতে, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উৎপাদনশীল শক্তির বিকাশ, উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল প্রশাসনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানবেন। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ, গবেষক ও থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন তারা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে