ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬

একিমি ল্যাবরেটরিজের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

২০২৬ মে ১৬ ১১:৩৬:৪৯
একিমি ল্যাবরেটরিজের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি একিমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই।

শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।কোম্পানি ও পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক বাড়ি ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত একটি পরিচিত স্থান হিসেবে পরিচিত।

তার পিতা হামিদুর রহমান সিনহা বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং শিল্পগোষ্ঠী একিমি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার মাতা নূরজাহান সিনহা।

শৈশবে তিনি কলকাতায় বেড়ে ওঠেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৬৪ সালে তিনি হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৫ সালে পিতার মৃত্যুর পর একিমি গ্রুপে যোগ দেন। ১৯৮৩ সাল থেকে তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিজানুর রহমান সিনহা। ছাত্রজীবনে সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে