ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ২৯ ১০:১২:৩৯
বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: রোমানিয়া সরকার এক জরুরি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে। অধ্যাদেশ নম্বর–৩২ (২৩ এপ্রিল ২০২৬), যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ (২৭ এপ্রিল ২০২৬)-এ প্রকাশিত হয়েছে, তার আওতায় রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট এ তথ্য জানিয়েছে। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এতে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে, যেসব কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। যেমন—কোনো কর্মী ওয়ার্ক ভিসায় প্রবেশের পর যদি নিয়োগকর্তা তাকে চাকরি দিতে অস্বীকৃতি জানায় এবং ৯০ দিনের মধ্যে নতুন কাজ না পান, তাহলে তিনি অবৈধ হয়ে পড়েন।

দূতাবাস জানায়, অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না বা সময়মতো টিআরসি (টেম্পোরারি রেসিডেন্স কার্ড) আবেদন সম্পন্ন করে না। ফলে কর্মীরা অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় পড়েন।

নতুন বিধান অনুযায়ী, এসব কর্মীকে আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে তাদের একটি বৈধ নতুন নিয়োগকর্তা খুঁজে নিয়ে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দূতাবাস আরও জানায়, নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে