×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি

২০২৬ নভেম্বর ২৬ ১৫:৪৯:৩০
সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর বিরূপ মতামত দিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির আর্থিক সক্ষমতা, ঋণ পরিশোধ, কর দায়, সম্পদের অস্তিত্ব ও মূল্যায়ন, বিক্রির তথ্য এবং নিয়ন্ত্রক সংস্থার ফি পরিশোধসহ বিভিন্ন বিষয়ে গুরুতর অসংগতি ও তথ্যের ঘাটতি চিহ্নিত করেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির সঞ্চিত লোকসান পরিশোধিত মূলধনের প্রায় সমান। পর্যাপ্ত নতুন তহবিল সংগ্রহ ও পরিচালন নগদ প্রবাহ তৈরি করতে না পারায় চলতি দায় এবং কার্যকরী মূলধনের প্রয়োজন মেটানোর সক্ষমতা নিয়েও গুরুতর অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বড় অঙ্কের কর দাবি এবং উৎপাদন সক্ষমতার সীমিত ব্যবহারের কারণে বিক্রির তুলনায় পণ্য উৎপাদন ব্যয় বেশি হওয়ার বিষয়টি তুলে ধরেছেন নিরীক্ষক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানিটির ওষুধের লাইসেন্স নবায়ন করা হয়নি। একই সঙ্গে ডিএসইর তালিকাভুক্তি ফি ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ফি পরিশোধ না করায় জরিমানা, লেনদেন স্থগিত কিংবা শেয়ারবাজার থেকে তালিকাচ্যুতির মতো নিয়ন্ত্রক ঝুঁকি তৈরি হতে পারে। এসব পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। অথচ আর্থিক বিবরণীতে বিষয়টি যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলে মন্তব্য করেছেন নিরীক্ষক।

নিরীক্ষকের প্রতিবেদনে মোট ১৩টি বিষয়ে আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কোম্পানিটির স্থায়ী সম্পদের হিসাব। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত স্থায়ী সম্পদের বহিমূল্য দেখানো হয়েছে ১০৩ কোটি ২ লাখ ৩৮ হাজার ২৩৮ টাকা। কিন্তু সম্পদগুলোতে শনাক্তকরণ ট্যাগ নম্বর না থাকায় নিরীক্ষক সরেজমিনে সেগুলো যাচাই করতে পারেননি। জমির মূল দলিলও নিরীক্ষককে সরবরাহ করা হয়নি। এ ছাড়া অচল সম্পদের মূল্যহ্রাস পরীক্ষা না করায় প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৪৯৮ টাকার মজুত পণ্যের মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। মজুত পণ্যের মূল্য নির্ধারণের ঘোষণা ২০২০ সালের পর হালনাগাদ করা হয়নি। ফলে বর্তমান বাজারদরের সঙ্গে মূল্যায়নের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মজুত পণ্যের নিট আদায়যোগ্য মূল্য আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়েও আপত্তি রয়েছে।

কোম্পানির ১ কোটি ৬ লাখ ৩২ হাজার ৭৪০ টাকার যন্ত্রাংশ ও সরবরাহসামগ্রীর অস্তিত্ব যাচাই করতে পারেননি নিরীক্ষক। কারখানা কর্তৃপক্ষ এসব পণ্যের বিস্তারিত তালিকা ও সরেজমিনে উপস্থিতি দেখাতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২৮ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৩৫৬ টাকার অগ্রিম, জমা ও অগ্রিম পরিশোধের মধ্যে ২৮ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৩৫৬ টাকা অগ্রিম আয়কর হিসেবে দেখানো হলেও এর পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র সরবরাহ করা হয়নি।

গ্রাহকদের কাছে পাওনা ৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৪৯১ টাকা নিয়েও আপত্তি তুলেছেন নিরীক্ষক। গ্রাহকদের বিস্তারিত ঠিকানা না থাকায় পাওনার সত্যতা যাচাইয়ের জন্য নিশ্চিতকরণপত্র পাঠানো সম্ভব হয়নি। পাশাপাশি ৩৭ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকার অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পক্ষে প্রয়োজনীয় ব্যাখ্যা ও গ্রাহকভিত্তিক তালিকাও দিতে পারেনি কোম্পানি।

কোম্পানিটির শেয়ার ধারণের ক্ষেত্রেও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে সর্বনিম্ন ৩০ শতাংশ শেয়ার ধারণ করার কথা। কিন্তু ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সেন্ট্রাল ফার্মার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে মাত্র ৭ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। নিরীক্ষকের প্রতিবেদনে উদ্যোক্তা-পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণের অনুপাত ২১ দশমিক ২৪ ও ৭৮ দশমিক ৭৬ শতাংশ উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জনতা ব্যাংকের কাছে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ ২৩ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৪৮৫ টাকা এবং আগামী ১২ মাসে পরিশোধযোগ্য ঋণ ৩ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৯৩২ টাকা দেখানো হয়েছে। নিরীক্ষক জানিয়েছেন, ঋণের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি। ব্যাংকের কাছ থেকেও ঋণের স্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি পরিশোধ না করা এবং সুদের সংস্থান না রাখার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটির সরবরাহকারীদের কাছে পাওনা ২ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ১৪৬ টাকা। কিন্তু এসব পাওনার বয়সভিত্তিক হিসাব ও সরবরাহকারীদের বিস্তারিত ঠিকানা দিতে পারেনি ব্যবস্থাপনা। ফলে পাওনার যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে ৮ লাখ ৫৯ হাজার ৩৮৩ টাকার অবণ্টিত লভ্যাংশ এবং ৫৯ লাখ ৬২ হাজার ৬৯৪ টাকার আইপিওর অর্থ দীর্ঘদিন ধরে কোম্পানির হিসাবে পড়ে রয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, তিন বছর ধরে অবণ্টিত থাকা লভ্যাংশ ও আইপিওর অর্থ পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে স্থানান্তরের বিধান থাকলেও তা করা হয়নি।

এনবিআরের কর দাবিও কোম্পানিটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরীক্ষকের তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত কোম্পানিটির কাছে ৯৮ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৫১ টাকা কর দাবি করেছিল এনবিআর। পরবর্তী সময়ে কোম্পানির আপিলের পর ২০২৫ সালের ৩০ নভেম্বরের চিঠিতে ২০১২-১৩ থেকে ২০২০-২১ করবর্ষের জন্য দাবির পরিমাণ কমিয়ে ৪১ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ৩১৪ টাকা নির্ধারণ করা হয়। তবে এই দাবি নিষ্পত্তি করা হয়নি। এমনকি নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিয়ে নির্ধারিত দাবির মধ্যেও ১৩ কোটি ৪১ লাখ ৭০ হাজার ১০ টাকার জন্য প্রয়োজনীয় কর সংস্থান রাখা হয়নি।

আর্থিক কার্যক্রমের তথ্যেও অসংগতি পেয়েছেন নিরীক্ষক। ২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ২০ হাজার ২৭২ টাকা, যা আগের বছরের ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৬৩১ টাকার তুলনায় কিছুটা বেশি। তবে একই সময়ে পণ্য বিক্রির ব্যয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ২৬ হাজার ২০৮ টাকা। অর্থাৎ বিক্রির চেয়ে পণ্য বিক্রির ব্যয়ই ১ কোটি ১৬ লাখ টাকার বেশি। ফলে উৎপাদন ও বিক্রয় কার্যক্রম থেকেই বড় ধরনের লোকসানের চিত্র ফুটে উঠেছে।

নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটির সব বিক্রয় নগদে সম্পন্ন হয়েছে। কিন্তু বিক্রির পক্ষে যথাযথ চালান ও প্রমাণপত্র এবং পণ্যভিত্তিক হিসাব সংরক্ষণ করা হয়নি। ফলে প্রকৃত বিক্রির পরিমাণ ও আর্থিক বিবরণীতে দেখানো আয়ের যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।

একইভাবে পণ্য উৎপাদন ব্যয় ও প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রেও পর্যাপ্ত সহায়ক কাগজপত্র পাওয়া যায়নি। এসব ব্যয়ের লেনদেন নগদে সম্পন্ন হওয়ায় সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। এ ছাড়া কাঁচামাল কেনাসহ বিভিন্ন ব্যয়ের বিপরীতে উৎসে কর কর্তন না করার বিষয়টি উল্লেখ করেছেন নিরীক্ষক। অন্যদিকে, কিছু ক্ষেত্রে কর্তন করা কর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি কিংবা পরিশোধযোগ্য হিসাবেও সংরক্ষণ করা হয়নি।

সব মিলিয়ে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের আর্থিক বিবরণীতে সম্পদের মূল্যায়ন, ঋণ, কর দায়, বিক্রয় আয়, ব্যয় এবং নিয়ন্ত্রক পরিপালনসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার মোহাম্মদ শিব্বির হোসেন, এফসিএ, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর এই বিরূপ মতামত দিয়েছেন।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে