×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ

২০২৬ নভেম্বর ২১ ১৯:৫৪:১৬
বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে। ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশের করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্র দুটিতে আপাতত ভিসার আবেদন জমা নেওয়া বন্ধ থাকবে।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের কলকাতা ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়।

উপহাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

এ কারণে ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির বিদ্যমান কেন্দ্র দুটিতে বাংলাদেশের ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে উপহাইকমিশন। নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম শিগগিরই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা আবেদনে সাময়িক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ির বিদ্যমান কেন্দ্র দুটির ওপর নির্ভরশীল আবেদনকারীদের নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

কেন্দ্র দুটি ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ায় নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং ভিসা আবেদন জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা ঘোষণা না করা পর্যন্ত আবেদনকারীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ভ্রমণের ভিসা ইস্যু বন্ধ রাখা কিংবা পুরো ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে বাংলাদেশে যাওয়ার ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটি থেকে বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ পরিচালিত হতো। ভারতীয় নাগরিকদের অনেকে পূর্বপুরুষের সম্পর্কের সূত্রে বাংলাদেশে আসেন। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা, পর্যটন ও অন্যান্য প্রয়োজনে প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেন।

শিলিগুড়ির সেভক রোডে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রটি ২০২২ সালে চালু হয়। এর আগে ২০২১ সালে কলকাতার সল্টলেকে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়েছিল।

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং আবেদন জমা দেওয়ার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকতে হবে আবেদনকারীদের।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে