×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের

২০২৬ নভেম্বর ২৬ ১৫:৪০:২৭
সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের

নিজস্ব প্রতিবেদক: আর্থিক অবস্থার অবনতি হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। একই সঙ্গে কমেছে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৮৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা।

এ ছাড়া ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। এর আগে ২০২৬ সালের ৩০ জুন শেষে এই সম্পদমূল্য ছিল ২২ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির পক্ষ থেকে আর্থিক সূচকগুলোর অবনতির কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব আয় কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, মার্কিন ডলারের বিনিময় হারের ওঠানামা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি। এসব কারণে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

এ ছাড়া দেশের অর্থনৈতিক সংকটের কারণে সরকারি দরপত্র ও প্রকল্পের সংখ্যা কমে গেছে। এসব প্রকল্প কোম্পানিটির রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় সেখান থেকেও আয় কমেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে পণ্য বিক্রি এবং গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়—উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম থেকেই পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের হ্রাস ঘটেছে। তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমে যাওয়ার পেছনে অস্বাভাবিক কোনো কারণ নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমার প্রধান কারণ হলো সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) হ্রাস পাওয়া। এর প্রভাবেই সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য জুনের তুলনায় কমেছে।

এসএ খান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে