×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

২০২৬ নভেম্বর ২৬ ১৮:৫৪:০০
রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। এসব তথ্যের পাশাপাশি বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দেন তাঁরা।

ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

আসন্ন রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।

তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

সব মিলিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিটারে ১৪ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও সরকার আপাতত প্রতি লিটারে ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম কার্যকর হলে বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হবে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে