ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

উৎপাদন বাড়ছে, কিন্তু লাভ নেই—বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত

২০২৬ এপ্রিল ০৬ ১৫:১১:১৮
উৎপাদন বাড়ছে, কিন্তু লাভ নেই—বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কোম্পানির বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়লেও উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধির কারণে লোকসান আরও বেড়েছে।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে জমা দেওয়া তথ্যে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ, এই সময়ে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২১ শতাংশ কমে ১১ টাকা ৩২ পয়সা থেকে দাঁড়িয়েছে ৮ টাকা ৯২ পয়সায়, যা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কোম্পানির দাবি, বিক্রি প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেলেও তারা লাভ করতে পারছে না। এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি। বিশেষ করে ইসরায়েল-আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলভিত্তিক কাঁচামালের দাম ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ফলে উৎপাদন ব্যয় আয়ের তুলনায় অনেক বেশি বেড়েছে।

তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। গত ৯ মাসে কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থা থেকে ধনাত্মক হয়ে শেয়ারপ্রতি ০ টাকা ২৩ পয়সায় উন্নীত হয়েছে, যা নগদ প্রবাহের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

এদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর সারের ব্যাগের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে কোম্পানিটি বড় ধরনের উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩ কোটি WPP ব্যাগ, যা বাড়িয়ে ৫ কোটি ব্যাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, উৎপাদন সক্ষমতা বাড়লে ‘ইকোনমিকস অব স্কেল’-এর সুবিধা নিয়ে ভবিষ্যতে কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারে। তবে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে না আনলে বা পণ্যের দাম সমন্বয় না করলে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি দিয়ে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।

চার্ট বিশ্লেষণে দেখা গেছে, শেয়ারটি বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের কাছাকাছি অবস্থান করছে, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি ও সম্ভাবনা—দুই দিকই ইঙ্গিত করছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে