×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

২০২৬ নভেম্বর ২৬ ১৬:১৮:১৬
টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অতিরিক্ত পরিচালক মো. আবুল হাসনাত চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহার, ডিলারশিপ প্রদানে অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়ে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো পূর্ণাঙ্গ তদন্ত বা কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দেওয়া একটি লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, আবুল হাসনাত ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, তাঁর বড় ভাই মো. হাসান তবিকুল চৌধুরী বদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এবং বড় চাচা আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। অভিযোগকারীর দাবি, এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি প্রশাসনিক সুবিধা নিয়েছেন।

অভিযোগপত্র অনুযায়ী, বদরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে নির্দিষ্ট ব্যক্তিদের টিসিবির ডিলারশিপ লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বিনিময়ে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, ডিলারশিপ প্রদানের প্রক্রিয়া, সুবিধাভোগীদের পরিচয় ও আর্থিক লেনদেন তদন্ত করলে অনিয়মের চিত্র বেরিয়ে আসতে পারে।

অভিযোগে আরও বলা হয়েছে, তাঁর বাবা মো. জাহেদুল হক চৌধুরীর নামে 'জাহেদুল চৌধুরী পরিবহন'-এর অধীনে প্রায় ২০টি ট্রাক কেনা হয়েছে। অভিযোগকারীর দাবি, বাবা আগে একটি ছোট ওষুধের দোকান চালাতেন, তাই এই সম্পদ ও ব্যবসার অর্থের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখল করে সেখানে মিল ও গুদাম নির্মাণের অভিযোগও আনা হয়েছে। ঢাকাসহ রংপুরের বিভিন্ন স্থানে পরিবারের সদস্যদের নামে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার কথাও অভিযোগপত্রে উল্লেখ আছে।

অভিযোগপত্রে ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে জমি কেনার সাতটি দলিলের তারিখ, নম্বর, জমির পরিমাণ ও মূল্য উল্লেখ করা হয়েছে। এসব দলিলে জাহেদুল হক চৌধুরী, হাসান তবিকুল চৌধুরী ও পরিবারের অন্য সদস্যদের নাম এসেছে। তবে দলিলের সত্যতা, মালিকানা ও অর্থের উৎস সরকারি নথি দিয়ে যাচাই করা প্রয়োজন।

২০২৪ সালের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে। যুবলীগের রংপুর জেলা কমিটির সহসভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি সুইট নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, আবুল হাসনাত তাঁর ভাইয়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন, ভোট চেয়েছেন এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন। ওই বছরের ২ জুন রিটার্নিং কর্মকর্তা তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং পরদিন সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।

এছাড়া ২০২৬ সালের ২৭ মে বদরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে। বৈঠকে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতায় ফেরার সম্ভাবনা এবং প্রশাসনে দলটির সমর্থক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগগুলো মন্ত্রণালয়ের কোন পর্যায়ে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছিল, তদন্ত কমিটি গঠন হয়েছিল কি না, তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল কি না বা কোনো তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে কি না, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তসংক্রান্ত কোনো নথিও প্রকাশ্যে আসেনি।

বিশ্বস্ত সূত্র জানায়, আওয়ামী সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে তাঁকে বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় মত দিয়েছিল। কিন্তু বরখাস্ত না করে তাঁকে ঢাকার প্রধান কার্যালয় থেকে চট্টগ্রামের আঞ্চলিক অফিসের প্রধান করে বদলি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে দায়িত্বরত। তবে দায়িত্ব নেওয়ার পরদিন থেকে তিনি ছুটিতে ঢাকায় বিভিন্ন দপ্তরে বদলির জন্য ঘুরছেন বলে জানা গেছে।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে