×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান

২০২৬ নভেম্বর ১৯ ২০:৪৫:২৩
ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তবে নতুন এই বাজার চালু হলেই রাতারাতি বড় লেনদেন শুরু হবে না বলে সতর্ক করেছেন তিনি। তার মতে, ডেরিভেটিভস বাজারের সফলতা নির্ভর করবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগকারীদের সচেতনতা, প্রশিক্ষণ এবং শক্তিশালী মার্কেট মেকার তৈরির ওপর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর উদ্যোগসংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।

মাসুদ খান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার ঐতিহ্যগতভাবে শেয়ারনির্ভর। কয়েক বছর আগে বন্ড লেনদেন শুরু হলেও এখন পর্যন্ত এ বাজারে সক্রিয় লেনদেন গড়ে ওঠেনি। ডেরিভেটিভস লেনদেনের বিষয়টি এতদিন অনেক দূরের ধারণা ছিল। তবে শেয়ারবাজারের পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা জরুরি। শুধু শেয়ার বা ইক্যুইটিনির্ভর বাজার দিয়ে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিএসইসি চেয়ারম্যান জানান, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগে বিএসইসি প্রয়োজনীয় সহযোগিতা করছে। ব্রোকার, পণ্য, লেনদেনব্যবস্থা ও সাংগঠনিক কাঠামোর অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে সিএসইর কমোডিটি ডেরিভেটিভস বাজারে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে বাজারে বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে, যা দেশের অন্যান্য বাজারের পাশাপাশি খুচরা বিনিয়োগকারীরাও রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন।

তবে প্রাথমিক পর্যায়ে এসব লেনদেন নগদ নিষ্পত্তি বা ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে সম্পন্ন হবে। সরাসরি পণ্য সরবরাহের ব্যবস্থা থাকছে না। মাসুদ খান বলেন, বিপুল পরিমাণ সোনা, রুপা কিংবা পাম অয়েলের বাস্তব সরবরাহ নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং। বাজারের সক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়লে ভবিষ্যতে পণ্য সরবরাহের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ চালু করা হতে পারে।

কমোডিটি ডেরিভেটিভসের পাশাপাশি শেয়ারভিত্তিক ডেরিভেটিভস লেনদেন চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইক্যুইটি ডেরিভেটিভস ও ইনডেক্স ফিউচার চালুর সম্ভাব্যতা যাচাই করছে।

তার মতে, নতুন আর্থিক পণ্য যুক্ত হলে শেয়ারবাজারের বিনিয়োগের সুযোগ বাড়বে এবং বাজার শুধু শেয়ার লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

নতুন ডেরিভেটিভস বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন মাসুদ খান। তিনি বলেন, দেশের শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী খুচরা বা রিটেইল বিনিয়োগকারী। তাদের অনেকেই শেয়ারের মূল্যায়ন সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। বন্ডের মতো আর্থিক পণ্য সম্পর্কে ধারণা আরও সীমিত। ডেরিভেটিভসের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল।

তাই নতুন বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হলে প্রথমে পণ্য, ঝুঁকি ও লেনদেন পদ্ধতি সম্পর্কে যথাযথ শিক্ষা দিতে হবে। একই সঙ্গে বাজারের সঙ্গে যুক্ত ব্রোকারদেরও ডেরিভেটিভস ব্যবসা সম্পর্কে প্রশিক্ষিত করে তুলতে হবে।

মাসুদ খান বলেন, নতুন কোনো বাজার চালুর ক্ষেত্রে শুরুতে লেনদেনের গতি কম থাকতে পারে। এ সময় বাজার সচল রাখতে শক্তিশালী মার্কেট মেকার থাকা জরুরি। অনেক সময় বাজারে ক্রয়াদেশ থাকলেও বিক্রয়াদেশ পাওয়া যায় না, আবার বিক্রেতা থাকলেও ক্রেতার অভাব দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে মার্কেট মেকাররা ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য তৈরি করে লেনদেন সচল রাখতে ভূমিকা রাখেন।

ডেরিভেটিভস বাজার চালু হলেই পরদিন থেকে বড় ধরনের লেনদেন শুরু হবে—এমন প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন পণ্য সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই সতর্কতা ও সংশয় থাকবে। তাই বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধারাবাহিক প্রচেষ্টা ও ধৈর্য প্রয়োজন।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) অভিজ্ঞতা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, সেখানে কমোডিটি ডেরিভেটিভস বাজারে উল্লেখযোগ্য লেনদেন গড়ে উঠতে প্রায় এক দশক সময় লেগেছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন।

বক্তব্যের শেষ পর্যায়ে সিএসইর এই উদ্যোগকে দেশের শেয়ারবাজারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মাসুদ খান। তিনি বলেন, ডেরিভেটিভস লেনদেন চালুর মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। এই বাজারের বিকাশে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে