×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ

২০২৬ নভেম্বর ২৬ ১০:৫০:১৫
মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ

নিজস্ব প্রতিবেদক: ভারতের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষিত কোটা কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালুর চেষ্টা করছে বিরোধী দলগুলো—এমন অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বিরোধীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে সংসদে বিরোধীদের ভূমিকা এবং সংবিধান সংশোধনের ইতিহাস নিয়েও সমালোচনা করেন মোদি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত নিবন্ধে মোদি বলেন, বিরোধী দলগুলোর এমন উদ্যোগ অত্যন্ত নিন্দনীয়। ভারতের সংবিধান প্রণেতারা, বিশেষ করে বি আর আম্বেদকর এ ধরনের ব্যবস্থার বিরোধী ছিলেন বলেও দাবি করেন তিনি।

যদিও নিজের নিবন্ধে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি মোদি, তবে তার বক্তব্যে কংগ্রেসের প্রতি ইঙ্গিত রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিবন্ধে সংসদে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ভারতের প্রধানমন্ত্রী। তার অভিযোগ, বিরোধীরা এখন গঠনমূলক বিরোধিতার পরিবর্তে সংসদীয় কার্যক্রমে বাধা সৃষ্টিতে বেশি মনোযোগী। গণতান্ত্রিক কার্যক্রম ব্যাহত করাকে সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছরের শুরুতে সংসদে নারী সংরক্ষণ বিল পাস না হওয়ার বিষয়টিও তুলে ধরেন মোদি। তার অভিযোগ, বিরোধী দলগুলো বিলটি পাস হতে দেয়নি এবং এর মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা দেখিয়েছে। ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে আনা সংবিধান সংশোধনী বিলটি গত এপ্রিলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাস হয়নি।

তবে বিরোধী নেতারা ওই বিলের সঙ্গে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের বিষয়টি যুক্ত করার বিরোধিতা করেছিলেন। কংগ্রেস নেতা শশী থারুর সে সময় এ উদ্যোগকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।

সংবিধান সংশোধনের ইতিহাস নিয়েও বিরোধীদের সমালোচনা করেন মোদি। তার অভিযোগ, যারা প্রায় পাঁচ দশক ভারত শাসন করেছে, তারা সংবিধানকে দুর্বল করেছে। ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনীর ৭৫ বছর এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালে করা ৪২তম সংশোধনীর ৫০ বছর পূর্তির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

মোদির দাবি, প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক স্বাধীনতা সীমিত করা এবং সরকারের বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা হয়েছিল। এ ছাড়া তরুণদের ৩৮তম ও ৩৯তম সংবিধান সংশোধনী সম্পর্কেও জানার আহ্বান জানান তিনি। তার মতে, এসব সংশোধনী ক্ষমতালোভী ও সংবিধানবিরোধী নেতৃত্বের কর্মকাণ্ডের উদাহরণ।

ভারতের সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ ব্যবহার করে নির্বাচিত রাজ্য সরকারগুলোকে বরখাস্ত করার বিষয়টিও নিবন্ধে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, একটি রাজনৈতিক দল প্রায় ১০০ বার এ অনুচ্ছেদের অপব্যবহার করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রী একাই ৫০ বার এমন ঘটনা ঘটিয়েছেন বলেও দাবি করেন তিনি।

জম্মু-কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ নিয়েও কথা বলেন মোদি। তার দাবি, ২০১৯ সাল পর্যন্ত এসব অনুচ্ছেদের কারণে ওই অঞ্চলের তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় ও নারীরা পূর্ণ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

এ বছর মাওবাদীদের অবসানকে স্বস্তিদায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেন মোদি। তবে উন্নয়ন বাধাগ্রস্ত করার প্রচেষ্টায় যুক্ত ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’দের বিষয়েও সতর্ক করেন তিনি।

নিবন্ধে নিজের শৈশব ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, জন্মপরিস্থিতি এখন আর কারও ভবিষ্যৎ নির্ধারণের সীমা নয়। সংবিধানকে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে সংবিধান প্রণেতা রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর এবং গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ ছাড়া বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের উল্লেখ করে মোদি দাবি করেন, ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এ ক্ষেত্রে তার সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে