×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা

২০২৬ নভেম্বর ২৬ ১০:২১:১৮
ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে আগের শুল্কের হিসাব নতুন প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশি পণ্যে কার্যকর শুল্ক বর্তমানের তুলনায় সর্বোচ্চ ৮ শতাংশ বাড়তে পারে। এতে মোট শুল্কের হার দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩৩ শতাংশে।

বুধবার (২৫ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে চীনের ওপর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে ভিয়েতনামের জন্য। এ ছাড়া অন্যান্য দেশ ও অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা তদন্তের পর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এ ধারার আওতায় বিদেশি সরকারগুলোর নীতি ও আচরণ যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়।

এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করেছিল হোয়াইট হাউস। অন্যদিকে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন প্রস্তাবের ক্ষেত্রে কিছু দেশের শুল্কের হার আগের পরিকল্পনার তুলনায় কম হতে পারে। কারণ, কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন ট্রাম্প।

বাংলাদেশের পণ্যে নতুন শুল্ক কার্যকর হলে মোট শুল্কের পরিমাণ কত দাঁড়াবে, তা নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাকের মতে, আগে পাল্টা শুল্ক হিসেবে ১০ শতাংশ আরোপ করা হয়েছিল। তবে আদালতের রায়ে সেই শুল্ক বাতিল হওয়ার পর নতুন করে ১০ শতাংশ শুল্ক বসানো হয়। পোশাক খাতে স্বাভাবিকভাবেই গড়ে ১৫ থেকে ১৬ শতাংশ শুল্ক রয়েছে। নতুন প্রস্তাবের ১৮ শতাংশের সঙ্গে আগের ১০ শতাংশ কীভাবে সমন্বয় হবে, সেটি গুরুত্বপূর্ণ।

এম এ রাজ্জাক বলেন, নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তার মতে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে মোট শুল্কের হার ৩৫ থেকে ৩৬ শতাংশে পৌঁছাতে পারে।

তবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নতুন প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কের মধ্যে আগের ১০ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, সেকশন ৩০১-এর আওতায় আগের শুল্কের ওপর নতুন করে আরও ১৮ শতাংশ যোগ হবে না; এই ধারায় সব মিলিয়ে সর্বোচ্চ শুল্কের পরিমাণ হবে ১৮ শতাংশ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) নীতির আওতায় গড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। নতুন প্রস্তাবিত ১৮ শতাংশ কার্যকর হলে এমএফএন শুল্কের সঙ্গে এটি যুক্ত হবে। ফলে বাংলাদেশের পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩৩ শতাংশে। সে হিসাবে বর্তমানের তুলনায় শুল্ক বাড়তে পারে সর্বোচ্চ ৮ শতাংশ।

ওই কর্মকর্তা আরও মনে করেন, শুল্ক বাড়লেও ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।

নতুন শুল্ক আরোপের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদ এম এ রাজ্জাক। তার মতে, বিষয়টি বাংলাদেশের একার পক্ষে মোকাবিলা করা কঠিন। কারণ, নতুন শুল্কের আওতায় আরও অনেক দেশ রয়েছে। তাই সংশ্লিষ্ট দেশগুলো সম্মিলিতভাবে উদ্যোগ নিলে কার্যকর কোনো সমাধানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি নতুন শুল্কনীতিকে অনিশ্চয়তা সৃষ্টিকারী বলে উল্লেখ করেছেন। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হলে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হলে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুব বেশি বদলাবে না; বরং যুক্তরাষ্ট্রের বাজার ছোট হয়ে যাওয়াই রপ্তানির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এ ধরনের শুল্কনীতির ঘন ঘন পরিবর্তন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলেও মনে করেন তিনি। এতে আগামী দিনে রপ্তানি খাতসহ সামগ্রিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্র সরকার। এর আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও শুনানি এবং দেশগুলোর সঙ্গে দরকষাকষির সুযোগ রাখা হয়েছে। ফলে প্রস্তাবিত শুল্কের চূড়ান্ত হার ও কার্যকরের সময় নির্ধারণের পরই বাংলাদেশের রপ্তানিতে এর প্রকৃত প্রভাব স্পষ্ট হবে।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে