×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

২০২৬ নভেম্বর ২৫ ১৯:৩৭:০৭
বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ‘নিয়ন্ত্রণ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে তার এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তাদের মতে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন—বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এমন খবরের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ খবরের পর মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় গণমাধ্যমের মুখোমুখি হন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব। অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে অর্জুন সিংয়ের বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশের নেতাদের মধ্যে বিরোধে না জড়িয়ে সাধারণ মানুষের ভবিষ্যৎ ও নতুন বিনিয়োগের বিষয়ে চিন্তা করা উচিত।

বাংলাদেশের অস্থিতিশীলতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে যত উত্তেজনা ও সমস্যা বাড়বে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও আসবে। প্রতিবেশী দেশের ঘটনায় তারা ব্যথিত হন এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়ে। বাংলাদেশে কবে শান্তি ফিরে আসবে, সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন।

অন্যদিকে, বিষয়টিকে আন্তর্জাতিক ও কূটনৈতিক ইস্যু হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে তার আলাদা করে কিছু বলার নেই। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই; এটি সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও একই অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়। এ নিয়ে যা বলার, দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে