×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক

২০২৬ নভেম্বর ২৪ ১৭:৪৬:০৫
জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। তাকে ভিসা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সংগঠন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগ তুলে তার অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিজেদের উদ্বেগের কথা জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)। একই সঙ্গে অস্ট্রেলীয় সরকারের কোনো প্রতিনিধি জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন কি না, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

যৌথ বিবৃতিতে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান তাকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছিলেন। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ের মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের দাবি, বাংলাদেশে দলটির অতীত ইতিহাস উদ্বেগজনক। দলটির সাবেক কয়েকজন নেতা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) গত ২১ নভেম্বর সিডনিতে আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে শফিকুর রহমানকে আতিথ্য দেয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে শফিকুর রহমানকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একইভাবে ইসরাইলের রিলিজিয়াস জায়নিজম দলের আইনপ্রণেতা সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল।

তিনি প্রশ্ন তোলেন, ইসরাইলি রাজনীতিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও হামাসের নেতাদের প্রকাশ্যে প্রশংসা করা একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলো?

অন্যদিকে, অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বলেন, কট্টরপন্থী ইসলামপন্থীদের সহিংসতাকে যারা সমর্থন করে কিংবা নীরব দর্শক হয়ে থাকে, তাদের স্বাগত জানানো অস্ট্রেলীয় সমাজে বিভেদ তৈরি করতে পারে এবং সামাজিক সংহতি দুর্বল করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে