×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য

২০২৬ নভেম্বর ২১ ১৯:৪৯:৪১
জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার এড়াতে নিজের মোবাইল ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন তথ্য মুছে ফেলেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে শেষ পর্যন্ত মুছে ফেলা তথ্যের বেশ কিছু অংশ উদ্ধার করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার হওয়া তথ্যের মধ্যে জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জ্যোতিকা জ্যোতির গুগল ড্রাইভে ‘২৪ র বেঈমান’ নামে একটি ফাইলের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। ওই ফাইলে জুলাই আন্দোলনের পক্ষে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকার পোস্ট, ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল বলে দাবি করা হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের সময় জ্যোতিকা জ্যোতি তার মোবাইল ফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমের তথ্য মুছে ফেলেছিলেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুছে ফেলা তথ্যের বেশ কিছু অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া তথ্যের মধ্যে বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, ছবি, ভিডিও এবং স্ক্রিনশট রয়েছে বলে জানা গেছে। এসব তথ্যের মধ্যে জুলাই আন্দোলনের পক্ষে দেওয়া বিভিন্ন পোস্টও রয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।

উদ্ধার হওয়া তথ্যের তালিকায় চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সুনেরাহ্ বিনতে কামাল, অভিনেতা সৈয়দ জামান শাওন, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের নাম রয়েছে।

এ ছাড়া গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্রসংবলিত লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাতের একটি পোস্ট এবং অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর ফেসবুক পোস্টের স্ক্রিনশটও সংরক্ষিত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন তারকার ফেসবুক আইডির স্ক্রিনশট পাওয়ার কথা জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, ভাটারা থানায় জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবির গুলশান বিভাগে তদন্তাধীন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীও একই আবেদন জানান। তবে আসামিপক্ষে কোনো আবেদন করা হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ ব্যক্তিকে আসামি করে মামলা করেন এনামুল হক।

মামলায় জ্যোতিকা জ্যোতিসহ শোবিজ অঙ্গনের ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খান।

মামলার অভিযোগে এসব তারকার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। একই মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে